কমলগঞ্জে ছাত্রলীগের কমিটি বিলুপ্ত
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে৷ গত রোববার সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীকে নাগরিক সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া আহমদ এ ঘোষণা দেন।
কমলগঞ্জ বহুমুখী মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে ওই সংবর্ধনা অনুষ্ঠান হয়৷ জাকারিয়া আহমদ জানান, ১০ বছরেও কমলগঞ্জে ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়নি। মেয়াদোত্তীর্ণ উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কেউ এখন ছাত্র নন। এ ছাড়া দীর্ঘদিন ধরে সভাপতি ও সাধারণ সম্পাদক ইচ্ছেমতো সংগঠন পরিচালনা করেছেন। ফলে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক কর্মকাণ্ডে স্থবিরতা দেখা দিয়েছে। এ কারণে রোববার সন্ধ্যায় উপজেলা সদরে মন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানে আগত উপজেলার সব ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতা-কর্মীর দািবর পরিপ্রেক্ষিতে ওই কমিটি বিলুপ্ত করা হয়।
জাকারিয়া আহমদ আরও জানান, অিচরেই তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে সাংগঠনিকভাবে উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হবে। সদ্য বিলুপ্ত উপজেলা ছাত্রলীগের সভাপতি সানোয়ার হোসেন বলেন, এভাবে কমিটি বিলুপ্ত ঘোষণা করা যায় না।