কমলগঞ্জে ছাত্রীকে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় এক ছাত্রীকে গত শনিবার অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই ছাত্রীর বাবা গতকাল সোমবার কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ওই ছাত্রী ইসলামপুর ইউনিয়নের বাসিন্দা। লিখিত অভিযোগ থেকে জানা যায়, ছাত্রীটি অষ্টম শ্রেণিতে পড়ে। তাদের গ্রামের এক ছেলে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে তাকে প্রায়ই উত্ত্যক্ত করত। ছেলেটি বিবাহিত হওয়ার পরও একপর্যায়ে ছাত্রীকে বিয়ের প্রস্তাব দেয়। এতে সে রাজি হয়নি।
এদিকে ঈদের ছুটি উপলক্ষে ছাত্রীটি আত্মীয়ের বাড়ি বেড়াতে যায়। পরদিন বিকেলে সেই বাড়ি থেকে ফেরার পথে অভিযুক্ত ছেলেটি তার সহযোগীদের নিয়ে ওই ছাত্রীকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায়। এ ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ছাত্রীর বাবা ছেলের পরিবারের সঙ্গে কথা বলেন। কিন্তু ছেলেটির পরিবারও কোনো উদ্যোগ নেয়নি ছাত্রীটিকে ফিরিয়ে দেওয়ার।
ছাত্রীর বাবা বলেন, বিবাহিত হওয়ার পরও ওই ছেলে তাঁর মেয়েকে নানাভাবে উত্ত্যক্ত করত। তাঁর মেয়েকে অপহরণের ঘটনার দুজন প্রত্যক্ষদর্শীর আছে।
লিখিত অভিযোগে তিনজনের নাম আছে। আত্মগোপনে থাকায় তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। গতকাল বিকেলে কমলগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শহিদুল ইসলাম বলেন, অভিযোগটি তদন্তাধীন আছে। মৌলভীবাজারের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।