কমলগঞ্জে ছাত্রীকে লাঞ্ছিত করার প্রতিবাদ করায় চার ছাত্রকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জে সহপাঠী ছাত্রীকে লাঞ্ছিত করার প্রতিবাদ করায় শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজের চার ছাত্রকে কমলগঞ্জ ডিগ্রি কলেজের কয়েকজন ছাত্র মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। কমলগঞ্জ ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে। জানা গেছে, মঙ্গলবার সুজা মেমোরিয়ালের এইচএসসি পরীক্ষার্থী এক ছাত্রীর পথরোধ করে জোরপূর্বক তাঁর হাতব্যাগে কমলগঞ্জ ডিগ্রি কলেজের ছাত্র সালাম ও উজ্জ্বলসহ কয়েক ছাত্র প্রেমপত্র গুঁজে দেন। এ ঘটনাটি ওই ছাত্রী সহপাঠীদের জানালে তাঁরা এর প্রতিবাদ করেন। এতে ক্ষুব্ধ হয়ে সালাম ও উজ্জ্বলের নেতৃত্বে কয়েকজন ওই চার ছাত্রকে মারধর করেন। নাম প্রকাশ না করার শর্তে মারধরের শিকার ছাত্ররা বলেন, বিষয়টি কমলগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষক জয়দীপ পাল মিটিয়ে দিয়েছেন। তবে তাঁদের ওপর আবার হামলা হতে পারে বলে তাঁরা আশঙ্কা করছেন।সুজা মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ ম. মুর্মেদুর রহমান বলেন, বিষয়টি নিয়ে কমলগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহনচন্দ্র দেবের সঙ্গে কথা হয়েছে। তিনি দায়ী ছাত্রদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকাশ কান্তি চৌধুরী বলেন, কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ ব্যাপারে তিনি ব্যবস্থা নেবেন।