কমলগঞ্জে ছয় দফা দাবিতে চা-শ্রমিকদের ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বসতঘর মেরামত, চিকিৎসা, মজুরি কর্তন বন্ধসহ ছয় দফা দাবি আদায়ে মৌলভীবাজারের কমলগঞ্জে সরকারি মালিকানাধীন ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) একটি চা-বাগানে গতকাল মঙ্গলবার শ্রমিকেরা আধা বেলা ধর্মঘট করেছেন। ইসলামপুর ইউনিয়নের কুরমা চা-বাগানে শ্রমিকেরা গতকাল সকাল আটটায় কাজে যোগ না দিয়ে কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে ধর্মঘট করেন। পরে মালিকপক্ষ দাবি পূরণের আশ্বাস দিলে শ্রমিকেরা দুপুর ১২টার দিকে ধর্মঘট প্রত্যাহার করেন। এদিকে ধর্মঘটের খবর পেয়ে কুরমা চা-বাগানের প্রধান ব্যবস্থাপক রফিকুল ইসলামসহ জনপ্রতিনিধিরা শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসেন। দাবি পূরণের আশ্বাস পাওয়ার পর চা-শ্রমিকেরা দুপুর ১২টার দিকে ধর্মঘট প্রত্যাহার করে কাজে যোগ দেন। এদিকে এ ব্যাপারে চেষ্টা করেও কুরমা চা-বাগান ব্যবস্থাপকের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে ইসলামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মো. সুলেমান জানান, কয়েকজন উচ্ছৃঙ্খল শ্রমিক ধর্মঘটের নামে কুরমা চা-বাগানে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করেছিলেন। তিনি আরও জানান, চা-বাগানে ৩৬৬টি শ্রমিকঘর মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকাশ কান্তি চৌধুরী জানান, চা-বাগানে শ্রমিকঘর মেরামতকাজ শুরু হয়েছে।