মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় গত ছয় মাসে নারী ও শিশুসহ অন্তত ১৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় কমলগঞ্জ থানায় আটটি হত্যা ও সাতটি অপমৃত্যু মামলা হয়েছে। কিন্তু মাত্র একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এতে পুলিশি তৎপরতা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। অনেকের মধ্যে বিরাজ করছে নিরাপত্তাহীনতা ও আতঙ্ক।এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১২ এপ্রিল পৌর এলাকার কামারগাঁও গ্রামে ইয়ারুন বেগম নামের এক গৃহবধূকে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ১১ মে খুন হন নিত্যানন্দপুর গ্রামের কাঠমিস্ত্রি শাহীন মিয়া (২৫)। অভিযোগ রয়েছে, ওই রাতে তাঁর চার ভাই মিলে পিটিয়ে শাহীনকে হত্যা করেন। ১৭ জুন পশ্চিম রসুলপুর গ্রামের আলাই মিয়া (৩৫) নামের এক ব্যক্তি খুন হন। এর দুই দিন পর কাঁঠালকান্দি গ্রামের তিন সন্তানের জননী আফিয়া খাতুনের লাশ উদ্ধার করে পুলিশ। আফিয়ার বাবার পরিবারের সদস্যদের দাবি, আফিয়াকে হত্যা করে পরে এটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। ২১ জুন রহিমপুর গ্রামের আবদুল বাছিত নামের এক রাজমিস্ত্রি খুন হন। অভিযোগ উঠেছে, রহিম মিয়া নামের তাঁর এক বন্ধুর বাটালির আঘাতে মারা যান বাছিত। ১৬ আগস্ট পৌর এলাকার রামপাশা গ্রামের সীমা আক্তার (২০) নামের একজনের ঝুলন্ত লাশ নিজ ঘর থেকে উদ্ধার করে পুলিশ। তাঁর শরীরে আঘাতের চিহ্ন ছিল। এতে স্বজনদের দাবি, তাঁকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়। ২৩ জুলাই নূরজাহান-মাধবপুর সড়কের নূরজাহান চা-বাগানে শ্রীমঙ্গল উপজেলার সিরাজনগর গ্রামের মিশুকচালক আবদুল মনিরের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে ঢাকা রেঞ্জের ডিবি পুলিশ খালেদ মোহামঞ্চদ সাইফ উল্লার গলাকাটা লাশ উদ্ধার করে। ২৯ আগস্ট রাতে উদ্ধার করা হয় হাত-পা বাঁধা নোয়াবাজারের মুদি ব্যবসায়ী আবদুল মজিদের লাশ। ১৪ সেপ্টেম্বর পাহাড়ি লংগুছড়া থেকে কমলগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের আয়া স্বপ্না রানী পালের লাশ উদ্ধার করে পুলিশ। ৪ অক্টোবর রামচন্দ্রপুর এলাকার ধলাই নদের দেওড়াছড়া সেতুর নিচ থেকে ৪২ বছর বয়সের অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। ৬ অক্টোবর সুনছড়া চা-বাগানের ১১ নম্বর সেকশনের একটি ছড়া থেকে জমির মিয়া নামের এক কাঠমিস্ত্রির লাশ এবং ৮ অক্টোবর সকালে উপজেলার প্রশাসনিক ভবনের অদূরে রেলপথ থেকে স্বপ্না বেগম (২০) নামের এক গৃহবধূর খণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। এর প্রতিটি ঘটনায় মামলা হয়েছে। কিন্তু শুধু মিশুকচালক মনির হত্যার ঘটনায় করা মামলায় জনি দেব বর্মা নামের এক ব্যক্তিকে ২৭ জুলাই গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। অন্য একটি মামলায়ও কোনো আসামি গ্রেপ্তার হয়নি। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে অনেকে বলেছেন, অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ কিছু করছে না। এতে অপরাধ আরও বেড়ে যাবে। আরও খুনোখুনি হবে।নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র প্রথম আলোকে জানায়, স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের চাপের মুখে এসব মামলায় আসামি গ্রেপ্তার সম্ভব হয় না। প্রভাবশালী ব্যক্তিরা সালিসের মাধ্যমে এসব হত্যাকাণ্ডের মীমাংসা করতে চান।তবে পুলিশের অবহেলার অভিযোগ অস্বীকার করে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, আসামিদের গ্রেপ্তারে জোর তৎপরতা অব্যাহত রেখেছে পুলিশ। এ বিষয়ে মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. নূরুল ইসলাম বলেন, গত কয়েক মাসের কমলগঞ্জের ঘটনাপ্রবাহ পুলিশ প্রশাসনকে ভাবিয়ে তুলেছে। তবে পুলিশ তৎপর আছে, এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে।