কমলগঞ্জে জবাই করা হরিণ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের নঈনারপার বাজার থেকে গত মঙ্গলবার রাতে বস্তাবন্দী অবস্থায় জবাই করা একটি মায়া হরিণ উদ্ধার করেছে এলাকাবাসী। পরে সেটি বন বিভাগের কাছে সোপর্দ করা হয়। হরিণের ময়নাতদন্ত করার জন্য বন বিভাগ প্রাণিসম্পদ বিভাগে চিঠি দিয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টায় সিএনজিচালিত দুটি অটোরিকশা দ্রুতগতিতে নঈনারপার বাজার অতিক্রমকালে মানুষের সন্দেহ হলে তারা অটোরিকশাগুলেকে ধাওয়া করে। একপর্যায় একটি অটোরিকশা থেকে একটি বস্তা রাস্তায় ফেলে পালিয়ে যায়। নঈনারপার বাজারের লোকজন বস্তা খুলে প্রায় তিন ফুট উচ্চতার জবাই করা একটি মায়া হরিণ উদ্ধার করে। নঈনারপার বাজার এলাকার বাসিন্দা সাব্বির এলাহী জানান, ঘটনার পরপরই তাঁরা আদমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কাছে হরিণটি হস্তান্তর করেন। ইউপি চেয়ারম্যান সাব্বির আহমদ ভূঁইয়া জানান, রাতেই হরিণটি রাজকান্দি বনরেঞ্জ কার্যালয়ে সোপর্দ করা হয়। তিনি বলেন, একটি প্রভাবশালী চক্র প্রায় হরিণ শিকার করে। এদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা উচিত। কমলগঞ্জ উপজেলার রাজকান্দি বনরেঞ্জ কর্মকর্তা প্রভাত কুসুম আচার্য্য বলেন, বিধি মোতাবেক হরিণের ময়নাতদন্ত হবে। পরে কেরোসিন মাখিয়ে মাংস মাটির গর্তে পুঁতে ফেলা হবে।