কমলগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে নয়জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জের দক্ষিণ বাদে উবাহাটা গ্রামে গতকাল মঙ্গলবার জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নয়জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ নয়জনকে গ্রেপ্তার করেছে।
এলাকার কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, দক্ষিণ বাদে উবাহাটা গ্রামের আজির মিয়ার সঙ্গে রামপাশা গ্রামের সৈয়দ কাছিম মোহাম্মদ খলিল উল্ল্যাহর জমি নিয়ে বিরোধ চলে আসছে৷ গতকাল সকালে এক পক্ষ সশস্ত্র অবস্থায় জমি দখল করতে এলে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ বাধে। সংঘর্ষে পান্না তালুকদার, আবদুল জলিল, আছাব মিয়া, বাবুল মিয়া, রীনা বেগম, আজির মিয়া, সৈয়দ নওশাদ আলী, তালেব মিয়া, আকলিছ মিয়া আহত হয়েছেন৷ পান্না তালুকদারকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং আবদুল জলিলকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যরা কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন বেসরকারি চিকিৎসাকেন্দ্রে ভর্তি হয়েছেন৷
আহত আজির মিয়া জানান, ‘সকালে জনৈক কাছিম মহালদারের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখল করার চেষ্টা চালালে আমরা এর প্রতিবাদ করি। এ সময় তারা আমাদের ওপর হামলা চালায়।’ তবে অভিযোগ অস্বীকার করে সৈয়দ কাছিম মো. খলিল উল্যাহ বলেন, ‘আমাদের সম্পত্তি দখলের চেষ্টার খবর পেয়ে ঘটনাস্থলে গেলে আমাদের ওপর প্রতিপক্ষ অতর্কিত হামলা চালায়।’
পুলিশ হামলায় জড়িত সৈয়দ কাছিম মো. খলিল উল্যাহ, সৈয়দ ইব্রাহীম মো. আবদুহু, জাকির হোসেন, ধলা মিয়া, আল আমিন, শিপন আহমদ, সবুজ ইসলাম, শহীদ মিয়া ও কালা মিয়াকে আটক করেছে।
কমলগঞ্জ থানার ওসি এনামুল হক বলেন, জমি দখল করা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় আজির মিয়া আটক নয়জনসহ ২০ জনের বিরুদ্ধে মামলা করেছেন৷ ওই নয়জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে৷