কমলগঞ্জে ঝড়ে তিন শতাধিক ঘর বিধ্বস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় গত শুক্রবার ঝড়ে তিনটি ইউনিয়নে তিন শতাধিক কাঁচা ঘর বিধ্বস্ত ও সহস্রাধিক গাছ ভেঙে পড়েছে। ঝড়ের সময় আতঙ্কে এক নারী মারা গেছেন। ঝড়ে গাছ ও ঘরচাপায় আহত হয়েছেন ১৫ জন।
শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে কমলগঞ্জ উপজেলার ইসলামপুর, আদমপুর ও মাধবপুর ইউনিয়নের ওপর দিয়ে ঝড় বয়ে যায়। এতে ইসলামপুর ইউনিয়নের চাম্পারায় চা-বাগান, কুরমা চা-বাগান, কোনাগাঁও, শ্রীপুর, নয়াবাজার; আদমপুর ইউনিয়নের তেতইগাঁও, মধ্যভাগ, নঈনারপার, হেরেঙ্গাবাজার এবং মাধবপুর ইউনিয়নের মাধবপুর বাজার এলাকা, পাত্রখোলা চা-বাগান ও ধলই চা-বাগান এলাকায় দেড় শতাধিক কাঁচা ঘর সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক ঘরের চাল উড়ে গাছের উঁচু ডালে গিয়ে আটকে গেছে। অনেক ঘর মাটির সঙ্গে মিশে গেছে। ঝড়ে আরও দেড় শতাধিক ঘর আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে।
ঝড়ের সময় একটি বড় গাছ ভেঙে পড়তে দেখে আতঙ্কে ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের আছকন মিয়ার স্ত্রী সাহেরা বিবি (৫০) ঘটনাস্থলেই স্ট্রোক করে মারা যান। ঝড়ে আদমপুরের উত্তরভাগ গ্রামের আতিকুর রহমান, পাত্রখোলা চা-বাগানের শ্রমিক শ্যামাকান্ত ভৌমিকসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। ঝড়ে আদমপুর ইউনিয়নের নঈনারপার গ্রামে ১০টি ও মাধবপুর বাজারসংলগ্ন এলাকার ৫টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে। গতকাল শনিবার দুপুরে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান মাধবপুর, ইসলামপুর ও আদমপুর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।
কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ইউপি চেয়ারম্যানদের কাছ থেকে ক্ষতিগ্রস্ত লোকদের তালিকা সংগ্রহ করা হচ্ছে। দ্রুত তাঁদের সহায়তা দেওয়া হবে।