কমলগঞ্জে টর্নেডোয় ৫০টি ঘর বিধ্বস্ত, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় গতকাল বুধবার টর্নেডোতে বসতঘর বিধ্বস্ত, গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি ভেঙে ব্যাপক ক্ষতি হয়েছে।
এ সময় ঘর বিধ্বস্ত হয়ে ও গাছ উপড়ে পড়ে অন্তত পাঁচজন আহত হয়েছেন। ঘটনার পর থেকে উপজেলায় বিদ্যুৎ-সংযোগ বন্ধ রয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল দমকা বাতাসের সঙ্গে ভারী বৃষ্টিপাত হচ্ছিল। হঠাৎ করে দুপুর ১২টার দিকে টর্নেডো শুরু হয়। মাত্র ১০ সেকেন্ড স্থায়ী এ টর্নেডোয় উপজেলার শমশেরনগর পুলিশ ফাঁড়ির আধা পাকা ভবনের টিনের চাল উড়ে যায়, হাজি মো. উস্তওয়ার বালিকা উচ্চবিদ্যালয়ের চাল উড়ে যাওয়াসহ প্রায় ৫০টি বসতঘর বিধ্বস্ত হয়।
এ ছাড়া শমশেরনগর চা-বাগানসহ গ্রামাঞ্চলে দুই শতাধিক গাছ ভেঙে পড়ে। এ সময় গাছ তারের ওপরে পড়ে বিদ্যুৎ লাইনের ১০টি খুঁটি ভেঙে যায়। এ ঘটনার পর থেকে উপজেলাজুড়ে কোনো বিদ্যুৎ নেই।
খবর পেয়ে বেলা একটার দিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুর রহমান, প্যানেল চেয়ারম্যান পারভীন আক্তার, ভাইস চেয়ারম্যান সিদ্দেক আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, শমশেরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জুয়েল আহমদ ও উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. আসাদুজ্জামান ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ঘর মেরামতের জন্য পুলিশ ফাঁড়িকে নগদ পাঁচ হাজার, মনোয়ারা বেগমকে পাঁচ হাজার, শমশেরনগর রেলস্টেশন বস্তির ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারকে এক হাজার টাকা করে, হাজি মো. উস্তওয়ার বালিকা উচ্চবিদ্যালয়কে তিন হাজার ও শিংরাউলী গ্রামের মাফিয়া বেগমকে দুই হাজার টাকার অনুদান দেওয়া হয়।
ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ জানান, শমশেরনগর রেলস্টেশন-সংলগ্ন লাল গুদাম এলাকায় বটগাছের বড় ডাল ভেঙে ঘরের ওপর পড়ে নারী-শিশুসহ তিনজন আহত হয়েছে। রেলস্টেশন বস্তি এলাকায় বিধ্বস্ত ঘরের ভেতর থেকে বের হতে গিয়ে আরও দুজন আহত হয়।
পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জের ডিজিএম প্রকৌশলী এম হাসনাত হাসান, টর্নেডোতে তাঁদের পাঁচটি টাওয়ার ভেঙে গেছে। এ ছাড়া আটটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে এবং অনেক এলাকায় তার ছিঁড়ে গেছে। এগুলো মেরামত করে বিদ্যুৎ সরবরাহ করতে দেরি হতে পারে। তবে কখন বিদ্যুৎ সরবরাহ করা যাবে, তা নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, জনপ্রতিনিধিরা মাঠপর্যায়ে অনুসন্ধান করে সঠিক তথ্য দিলে উপজেলা ও জেলা প্রশাসনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত সবাইকে সহায়তা দেওয়া হবে। তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ২৫ হাজার টাকা দেওয়া হয়েছে।