কমলগঞ্জে টিলা অতিক্রমকালে বগি বিচ্ছিন্ন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের টিলা এলাকার রেলপথ অতিক্রমকালে সারবাহী ট্রেনের বগির সংযোগ বিচ্ছিন্ন হয়ে ১০টি বগি আলাদা হয়ে যায়।
এ ঘটনায় গতকাল রোববার সাড়ে পাঁচ ঘণ্টা সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেলযোগাযোগ বন্ধ ছিল।
রেলওয়ের গণপূর্ত বিভাগের শ্রীমঙ্গল কার্যালয় এবং ভানুগাছ ও শমশেরনগর স্টেশন সূত্রে জানা যায়, সিলেটের ফেঞ্চুগঞ্জ সার কারখানা থেকে দিনাজপুরের পার্বতীপুরগামী সারবাহী একটি ট্রেন গতকাল বেলা আড়াইটার দিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনের অদূরে রেলপথে পাহাড়ি টিলার ওপরের দিকে ওঠার সময় বগির সংযুক্তির হুক ছিঁড়ে যায়।
এতে ট্রেনের পেছনের অংশ দ্রুত আরও প্রায় আধা কিলোমিটার পেছনের দিকে এসে দক্ষিণ বালিগাঁও এলাকায় থেমে যায়। রাত প্রায় আটটার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
ভানুগাছ রেলওয়ের স্টেশনমাস্টার রোস্তম আলী ফকির বলেন, দুর্ঘটনার পর চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি শ্রীমঙ্গলে ও সিলেট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী আন্তনগর পারাবত এক্সপ্রেস শমশেরনগর স্টেশনে আটকা পড়ে। ফলে ট্রেনের যাত্রীরা দুর্ভোগে পড়ে।