কমলগঞ্জে ডাকাত-আতঙ্ক মামলা নেয় না পুলিশ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ডাকাত-আতঙ্ক দেখা দিয়েছে। ডাকাতি প্রতিরোধে এলাকাবাসী রাত জেগে পাহারা দিচ্ছে। ডাকাতির ঘটনায় পুলিশ মামলা নিচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রকাশ কান্তি চৌধুরী বলেন, ‘আমি বুঝতে পারছি না, কী কারণে পুলিশ ডাকাতি মামলা গ্রহণ করছে না।’ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারভীন আক্তার বলেন, কমলগঞ্জে চুরি-ডাকাতি অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। পুলিশের ওপর বিশ্বাস হারিয়ে এলাকার লোকজন এখন নিজেদের উদ্যোগে রাত জেগে পাহারা দেওয়া শুরু করেছে।স্থানীয় সূত্রে জানা যায়, ৬ মে রাতে শমশেরনগর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের প্রবাসী ইজ্জাদুর রহমান ও লিয়াকত আলীর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। ডাকাতেরা দুই ভাগে বিভক্ত হয়ে দুই বাড়িতে প্রবেশ করে বাসিন্দাদের বেঁধে রেখে ৮৫ ভরি স্বর্ণালংকার ও দুই লাখ টাকাসহ মূল্যবান মালামাল লুট করে। ৮ এপ্রিল রাতে শমশেরনগর-মৌলভীবাজার সড়কের মোকাম বাজার এলাকায় যুক্তরাজ্যপ্রবাসী মুক্তিযোদ্ধা আব্দুর রহিমের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। ৯ মার্চ রাতে পতনউষার ইউনিয়নের শ্রীসূর্য গ্রামের শিক্ষক লিখিল কান্তি বৈদ্যের বাড়িতে ডাকাতি হয়। ডাকাত দল অর্থ ও স্বর্ণালংকার লুট ছাড়াও বাড়ির নারী-পুরুষদের মারধর করে। একই মাসে শমশেরনগর চা-বাগানের সহকারী ব্যবস্থাপক মামুন কাদেরের বাংলোয় ডাকাতি হয়।ইজ্জাদুর রহমানের বড় ভাই আব্দুস শহীদ ও দুবাইপ্রবাসী লিয়াকত আলীর বড় ভাই শাখাওয়াত হোসেন বলেন, ডাকাতির ঘটনার পরদিন তাঁরা থানায় অভিযোগ করেছেন। কিন্তু থানার ওসি মামলা গ্রহণ করেননি। ওসি মো. নাজিম উদ্দীন ডাকাতির ঘটনাগুলো সরাসরি স্বীকার করতে রাজি নন। তিনি দুই প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনাকে অন্য কিছু বলে সন্দেহ প্রকাশ করেন।