কমলগঞ্জে ডাকাতি, পাঁচজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভা সদরে গত বুধবার রাতে একটি বাড়িতে ডাকাতি হয়েছে। দুর্বৃত্তরা নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ ১২ লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার দাবি করেছে। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করেছে।এলাকাবাসী সূত্রে জানা যায়, কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে অবস্থিত মুক্তিযোদ্ধা রিয়াজ আহমদের বাসায় গভীর রাতে ১২ থেকে ১৫ জনের একটি ডাকাত দল হানা দেয়। তারা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে। দুর্বৃত্তরা ঘরের লোকজনকে বেঁধে নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ অন্যান্য মালামাল নিয়ে যায়। ঘরের লোকজনের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে গেলে ডাকাতেরা গুলি করার হুমকি দিলে ভয়ে তারা সরে পড়ে। এই সুযোগে ডাকাতেরা পালিয়ে যায়। এর আগে ডাকাত দল মাছ ধরে ফেরার পথে কমলগঞ্জ-শ্রীমঙ্গল বাস লাইনের ব্যবস্থাপক হেলাল উদ্দীনসহ ১১ জনকে রাস্তার ধারে একটি গাছের ডিপোতে বেঁধে রাখে। গ্রামবাসী জানায়, ঘটনার পরপরই পুলিশ পার্শ্ববর্তী বালিগাঁও, ধলাইর পাড় ও ভানুগাছ বাজারে অভিযান চালিয়ে পাঁচজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে। তাঁরা হলেন ছকি মিয়া (২৫), ইউনুছ মিয়া (৩০), সামাদ মিয়া (২৬), পিন্টু গোস্বামী (২২) ও জালাল মিয়া (৩৫)। তাঁদের কাছ থেকে একটি কাটার, একটি লোহার রড ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দীন জানান, এ ঘটনায় রিয়াজ আহমেদ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।