কমলগঞ্জে ডাকাতি প্রতিরোধে রাত জেগে পাহারা
ডাকাতি প্রতিরোধে মৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী অধ্যুষিত গ্রামগুলোতে রাত জেগে পাহারা দেওয়া হচ্ছে। স্থানীয় লোকজন কয়েকটি দলে ভাগ হয়ে গত বৃহস্পতিবার থেকে গ্রামের বিভিন্ন স্থান পাহারা দিচ্ছেন।
এর আগে গত বুধবার দিবাগত রাতে হীরামতি গ্রামে ডাকাতদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে ছয়জন আহত হয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে একদল ডাকাত দরজা ভেঙে গোকুল সিংহের গাঁও গ্রামের কমলা বাবু সিংহের ঘরে ঢোকার চেষ্টা করে। ওই ঘরের লোকজন জেগে উঠলে ডাকাতেরা পালিয়ে যায়। রাত তিনটার দিকে একই গ্রামের অনন্ত সিংহের ঘরে ঢোকার চেষ্টা করলে গ্রামের বাসিন্দারা ডাকাতদের ধাওয়া দেন। যাওয়ার পথে ডাকাতেরা বাঘবাড়ি গ্রামে সুরেশ কুমার সিংহ নামের এক পাহারাদারের মুখ ও হাত-পা বেঁধে খোলা মাঠে ফেলে রাখে।
এ খবর পেয়ে কমলগঞ্জ থানার একদল পুলিশ বাঘবাড়ি পৌঁছে। রাত সাড়ে তিনটার দিকে পাশের হীরামতি গ্রামের সূজ্জল সিংহের বাড়ির সামনে ডাকাত সদস্যদের ঘেরাও করে গ্রামবাসী। এ সময় ডাকাতদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ হয়। এতে স্থানীয় মদনমোহন সিংহ (৪৯), সূজ্জল সিংহ (২৮), সুরেন সিংহ (৫০), সোর্মিত সিংহ (১৮) এবং দুই ডাকাত আহত হন।
ওই ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে। আদমপুর ও মাধবপুর ইউনিয়নের মণিপুরী অধ্যুষিত গ্রামগুলোতে ডাকাতি প্রতিরোধে বৃহস্পতিবার থেকে রাত জেগে পাহারা দিতে শুরু করেন স্থানীয় লোকজন।
আদমপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সাব্বির আহমদ ভূঁইয়া ও মাধবপুর ইউপির চেয়ারম্যান পুষ্প কুমার বলেন, পুলিশ সঠিকভাবে নিরাপত্তা দিতে পারে না বলে গ্রামবাসী রাত জেগে পাহারা দিচ্ছেন।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিহার রঞ্জন নাথ জানান, আহত ডাকাত সদস্যদের আটক করতে পুলিশ ওই এলাকায় অভিযান চালাচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কমলগঞ্জ থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।