কমলগঞ্জে ডায়রিয়ায় শিশুর মৃত্যু, চিকিৎসক লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত বৃহস্পতিবার ডায়রিয়ায় এক শিশু মারা গেছে। পরে চিকিৎসার অবহেলার অভিযোগে শিশুর স্বজনেরা এক চিকিৎসককে লাঞ্ছিত করেছে। এ ঘটনার প্রতিবাদে ওই দিন রাত থেকেই চিকিৎসক-সেবিকারা কর্মবিরতি পালন করছেন।এলাকাবাসী জানান, উপজেলার কুমড়াকাপন গ্রামের চান মিয়ার মেয়ে শিল্পী বেগম (৯) ডায়রিয়ায় আক্রান্ত হলে বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ওই দিন সন্ধ্যায় সে মারা যায়। চিকিৎসার অবহেলার অভিযোগে শিশুর বাবার উপস্থিতিতে স্বজনেরা চিকিৎসক মাসুদুর রহমানকে লাঞ্ছিত করেন। এর প্রতিবাদে বৃহস্পতিবার রাত থেকেই নির্ধারিত সময় বেলা দুইটার পর জরুরি বিভাগে চিকিৎসক ও সেবিকারা কোনো অতিরিক্ত দায়িত্ব পালন না করার ঘোষণা দেন।মাসুদুর রহমান বলেন, এর আগে গত ২৩ নভেম্বর বহিরাগত লোকজন চিকিৎসক ও সেবিকাদের মারধর করে। ওই ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় আবারও এমন ঘটনা ঘটল।নিরাপত্তার জন্য চিকিৎসকেরা জাতীয় সংসদের চিফ হুইপ, মৌলভীবাজারের সিভিল সার্জন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছেন।চান মিয়া বলেন, ওই দিন সকালে বাড়ি থেকে ডায়রিয়ায় আক্রান্ত তিন শিশুকে একসঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দুটি শিশু সুস্থ হয়ে বাড়ি ফেরে। সুস্থ না হওয়ায় শিল্পীকে স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়। বেলা দুইটার দিকে শিল্পীর অবস্থার কিছুটা উন্নতি হলেও বিকেলে আবার অবনতি হয়। এ সময় শিল্পীকে তাঁরা অন্যত্র নিয়ে যেতে চান। কিন্তু সেবিকা স্বপ্না পাল চিকিৎসকের অনুপস্থিতিতে তাকে নিয়ে যেতে দেননি। পরে সন্ধ্যায় তার মৃত্যু হয়।সেবিকা স্বপ্না পাল বলেন, শিশুর পরিবারের সদস্যরা কবিরাজি চিকিৎসার কথা বলায় তিনি শিশুটিকে নিয়ে যেতে দেননি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রকাশ কান্তি চৌধুরী বলেন, তদন্ত করে এ ঘটনার ব্যবস্থা নেওয়া হবে।