কমলগঞ্জে ঢলের পানি বাড়ছে ডুবছে আউশ ফসল
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের পুরোনো ভাঙন এলাকা দিয়ে প্রবেশ করছে। এতে ডুবে যাচ্ছে এলাকার উঠতি আউশ ফসল। গত বুধবার রাতে হঠাৎ করে ধলাই নদীর পানি বাড়া শুরু করে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের বাসুদেবপুর, বাদে করিমপুর, সুরানন্দপুর, মাধবপুর ইউনিয়নের শিমুলতলা এবং ধলাইয়ের পার গ্রাম ঘুরে দেখা যায়, বিশেষ করে নিচু এলাকার ধানখেতে পানি। পাকা ও আধা পাকা আউশ ধান ডুবে গেছে। ডুবেছে গ্রামের অনেক রাস্তাও। কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নরেশ চন্দ্র বাড়ৈ ঢলের পানি প্রবেশের কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, আশা করা যায়, দ্রুত পানি নেমে যাবে। পানি নেমে গেলে উঠতি আউশ ফসলের তেমন ক্ষতি হবে না। তবে উজানে ফের বৃষ্টিপাত হলে পরিস্থিতির অবনতি হতে পারে। পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী আমিনুল হক বলেন, পুরোনো ভাঙন দিয়ে পানি প্রবেশ করলেও এখন বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়নি।