কমলগঞ্জে তথ্য প্রযুক্তিবিষয়ক জ্ঞান দিবস
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে গতকাল রোববার শুরু হয়েছে জিনবিজ্ঞানী আবেদ চৌধুরীর দুই দিনব্যাপী তথ্যপ্রযুক্তিবিষয়ক জ্ঞান দিবস।
জানা যায়, হাফিজা খাতুন মেমোরিয়াল ট্রাস্টের আয়োজনে গতকাল রোববার বেলা ১১টায় হাজীপুর ইউনিয়নের কানিহাটি গ্রামে তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে নতুন নতুন প্রোগ্রাম তৈরির ওপর হাতেকলমে দুই দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়। আয়োজক আবেদ চৌধুরী বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে তথ্যপ্রযুক্তিকে গ্রামাঞ্চলে ব্যবহারের সুযোগ করে দিতে হবে। তথ্যপ্রযুক্তি সম্পর্কে এখন অনেক কিছু অজানাই রয়ে গেছে। এসব অজানা বিষয়ে জ্ঞান অর্জনের লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়। এর নামকরণ করা হয় জ্ঞান দিবস।
জ্ঞান দিবসে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, শমশেরনগর বিএএফ শাহীন কলেজের অধ্যক্ষ স্কোয়াড্রন লিডার জাকির হোসেন, সুজা মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ মুর্শেদুর রহমান, কমলগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ কামরুজ্জামান মিঞা, আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ মুজিবুর রহমানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা। কর্মশালায় অংশ নেয় সুজা মেমোরিয়াল কলেজ, বিএএফ শাহীন কলেজ, হাজীপুর বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা।