কমলগঞ্জে তরুণীর গলাকাটা লাশ উদ্ধার
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা সদরে এক তরুণীর গলা কেটে লাশ রেলসেতুর নিচে ফেলে দেওয়া হয়। গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে ভানুগাছ স্টেশনের অদূরে ধলাই রেলসেতু এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত তরুণীর নাম শাকেরা বেগম (২৫)। তিনি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কামারচাক গ্রামের প্রয়াত এনায়েত উল্লাহর মেয়ে।শাকেরার ছোট ভাই জাবেদ মিয়া মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তিন বছর আগে রাজনগরের টেংরা ইউনিয়নের দুবাই-প্রবাসী জনি মিয়ার সঙ্গে তাঁর বোনের বিয়ে হয়। কিন্তু পরিবারের অমতে বিয়ে করায় জনির বাবা-মা তাঁর বোনকে ঘরে তোলেননি। বিয়ের পর জনি বিদেশ চলে যান। আর তাঁর বোন তাঁদের বাসায় থাকেন। কিছুদিন আগে জনি মিয়া বিদেশ থেকে গ্রামে আসেন। গতকাল দুপুরে তাঁর বোন কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর আর খোঁজ পাওয়া যায়নি। গতকাল রাতে বোনের লাশ উদ্ধারের খবর পান।কমলগঞ্জ পৌরসভার কুমড়াকাপন গ্রাম সূত্রে জানা যায়, রাত সাড়ে আটটার দিকে ধলাই রেলসেতু থেকে এক যুবককে সন্দেহজনকভাবে পালিয়ে যেতে দেখেন কয়েকজন যুবক। সেতুর নিচে গিয়ে দেখা যায়, আনুমানিক ২৫ বছর বয়সী এক তরুণীর গলাকাটা লাশ পড়ে আছে।খবর পেয়ে ঘটনাস্থলে যান কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মধুসূদন রায়। তিনি প্রথম আলোকে বলেন, লাশের পাশে একটি মুঠোফোন পাওয়া যায়। ওই মুঠোফোন দিয়ে কল করলে জানা যায়, লাশটি রাজনগরের শাকেরা বেগমের।