কমলগঞ্জে তরুণের গলা ও হাতের রগ কর্তন, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারিবারিক পূর্বশত্রুতার জের ধরে কমলগঞ্জের মুন্সীবাজার গ্রামের এক তরুণের গলা ও বাঁ হাতের কবজির রগ কেটে দিয়েছে একই গ্রামের আরেক তরুণ। গত বুধবার দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত তরুণকে গ্রেপ্তার করেছে।
কমলগঞ্জ থানা সূত্র জানায়, পারিবারিক শত্রুতার জের ধরে গত সোমবার উপজেলার রহিমপুর ইউনিয়নের মুন্সীবাজারের লেবু মিয়ার দোকানের কর্মচারী মুমিন মিয়ার (২০) সঙ্গে সালাহউদ্দিন মিয়ার দোকানের কর্মচারী করিম মিয়ার (২০) বাগিবতণ্ডা হয়। বুধবার দিবাগত রাত একটার দিকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন মুমিন মিয়া। পথে বাজারের দক্ষিণ বড় মসজিদের পাশে করিম মিয়া আকস্মিকভাবে হামলা চালিয়ে ধারালো ব্লেড দিয়ে মুমিন মিয়ার গলা ও বাঁ হাতের কবজির রগ কেটে পালিয়ে যান। এ ঘটনার পর মুন্সীবাজারের ব্যবসায়ীরা করিম মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
করিম মিয়া উপজেলার রহিমপুর ইউনিয়নের মুন্সীবাজার গ্রামের হারিস মিয়ার ছেলে এবং মুমিন মিয়া একই গ্রামের সাদ বক্সের ছেলে।
আহত মুমিন মিয়াকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বিশ্বজিৎ রায় জানান, মুমিন মিয়ার গলায় পাঁচটি ও হাতে দুটি সেলাই দেওয়া হয়েছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীহার রঞ্জন নাথ বলেন, এ ঘটনায় আহত মুমিন মিয়ার ভাই আবদুল মুকিত বাদী হয়ে থানায় মামলা করেছেন। করিম মিয়াকে গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।