কমলগঞ্জে তিন ডাকাত আটক, পিটুনিতে একজনের মৃত্যু
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় গতকাল শনিবার ভোরে দুই বাড়িতে ডাকাতি শেষে পালানোর সময় গ্রামবাসী তিন ডাকাতকে আটক করেছে। পরে তাদের পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। আহত এক ডাকাতের মৃত্যু হয়েছে। ডাকাত দলের অন্য সদস্যরা একটি জঙ্গলে পালিয়ে যায়। তাদের ধরতে পুলিশ ও এলাকাবাসী জঙ্গলটির চারপাশ ঘেরাও করে রেখেছে বলে জানা গেছে।ডাকাত দলের আটক সদস্যরা হলেন ঢাকা জেলার দক্ষিণখান চাউলার গ্রামের কামাল হোসেন (৩৬), মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সোনাপুর বটতল গ্রামের আবুল হোসেন (৩২) ও কমলগঞ্জ উপজেলার শ্রীপুর গ্রামের মছই মিয়া (২৫)। গণপিটুনিতে আহত আবুল হোসেনকে গতকাল দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গতকাল সন্ধ্যায় সেখানে তিনি মারা যান।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার ভোরে ১২-১৩ জনের একটি সশস্ত্র ডাকাত দল উপজেলার শ্রীপুর গ্রামের হেলিম মিয়ার বাড়ির কলাপসিবল গেট ভেঙে ঘরে ঢোকে। বন্দুকের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে টাকা, স্বর্ণালংকারসহ অন্তত দুই লাখ টাকার মালামাল লুট করে। একপর্যায়ে ওই বাড়ির এক সদস্য কৌশলে ঘর থেকে বেরিয়ে চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে গ্রামবাসী ডাকাতদের ধাওয়া করে। গ্রামবাসীর ধাওয়া খেয়ে ডাকাতেরা পাশের পাত্রখোলা চা-বাগানে ঢুকে পড়ে। পরে তারা ডাকঘর লাইনের ব্যবসায়ী নারায়ণ ছত্রীর বাড়ি থেকে পাঁচ ভরি স্বর্ণালংকার, দুটি মুঠোফোন, ৪৫ হাজার টাকাসহ অন্তত আড়াই লাখ টাকার মালামাল লুট করে। পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী ধাওয়া করে ওই তিন ডাকাতকে আটক ও পুলিশে সোপর্দ করে।ডাকাত দলের অন্য সদস্যরা ওই চা-বাগানের একটি জঙ্গলে আত্মগোপন করলে জনতা জঙ্গলটি ঘেরাও করে রাখে। পরে পুলিশও সেখানে অবস্থান নেয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, আটক ডাকাতদের তথ্যের ভিত্তিতে উপজেলার ধলাইপাড় এলাকা থেকে ডাকাতির কাজে ব্যবহারের জন্য আনা একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে। সহকারী পুলিশ সুপার (সার্কেল) তৌহিদুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ডাকাত দলের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।