কমলগঞ্জে তড়কাসহ নানা রোগে ২০ গবাদিপশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কয়েকটি গ্রামে গলা ফোলা, তড়কাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গত কয়েক দিনে ২০টি গরু, মহিষ ও ছাগল মারা গেছে। একই সময়ে দুই শতাধিক গবাদিপশু এসব রোগে আক্রান্ত হয়েছে। স্থানীয় সূত্রে এ তথ্য পাওয়া গেছে। তবে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় এসব রোগে আক্রান্ত গবাদিপশুর সঠিক তথ্য দিতে পারেনি।
মারা যাওয়া গবাদিপশুর মধ্যে ১২টি মহিষ, ৫টি গরু ও ৩টি ছাগল রয়েছে। মারা যাওয়া প্রাণীর মৃতদেহ শিয়াল–কুকুরেও খাচ্ছে না। উপজেলার বিভিন্ন অঞ্চলে গরু-মহিষ ও ছাগলের মধ্যে বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ফলে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন গরু, মহিষ পালনকারীরা। উপজেলা প্রাণিসম্পদ বিভাগের জনবলসংকটের কারণে সঠিকভাবে প্রতিষেধক প্রয়োগ করা যাচ্ছে না। গত সোমবার উপজেলা প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে পতনঊষারে ক্যাম্পিংয়ের মাধ্যমে গবাদিপশুর প্রতিষেধক প্রয়োগ শুরু হয়েছে।
সরেজমিন খোঁজ নিয়ে জানা যায়, গত ১০ দিনে গলা ফোলা, তড়কাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য গ্রামের আনোয়ার খান ও ময়ুব আলীর ২টি, শ্রীমতপুর গ্রামের তৈয়ব উল্লার ২টি, মেহের বক্সের ২টি, মনসুরপুর গ্রামের মধু মিয়ার ১টি, কুতুব আলীর ১টি, মিনারাই গ্রামের মুক্তার খাঁর ১টি, মুন্সীবাজার ইউনিয়নের রূপষপুর গ্রামের মাসুক মাস্টার ও আবদুল আলীর ২টি মহিষ মারা গেছে। এ ছাড়া লিয়াকত আলী, জহির আলী, মিনার মিয়া, মাহমুদ আলী, আশিক মিয়ার একটি করে গরু মারা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধূপাটিলা গ্রামের ছমরু মিয়ার আক্রান্ত ৯টি ছাগলের মধ্যে তিনটি মারা গেছে। ছাগলগুলো পেট ফোলা, পেটব্যথা, সর্দি, জ্বরসহ নানা রোগে মারা গেছে।
গবাদিপশুর মৃত্যুর খবর পেয়ে কমলগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে গত সোমবার পতনঊষার ইউনিয়নে তিন শতাধিক পশুকে প্রতিষেধক দেওয়া হয়েছে। এ ছাড়া তাদের পক্ষ থেকে সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে।
পতনঊষার ইউনিয়নের পল্লিচিকিৎসক আবদুল হান্নান ও ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, কমলগঞ্জ উপজেলার একটি পৌরসভা ও নয়টি ইউনিয়নে দুই শতাধিক গবাদিপশু গলা ফোলা ও তড়কা রোগে আক্রান্ত হয়েছে।
কমলগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন হাবিবুর রহমান জানান, এসব রোগে কতসংখ্যক গবাদিপশু আক্রান্ত হয়েছে, তার সঠিক তথ্য জানতে আরও দু–এক দিন সময় লাগবে। তিনি আরও বলেন, গত সোমবার ও গতকাল মঙ্গলবার কমলগঞ্জ উপজেলার পতনঊষার, মুন্সীবাজার ও রহিমপুর ইউনিয়ন এলাকাসহ কমলগঞ্জে দুই হাজার গবাদিপশুকে প্রতিষেধক দেওয়া হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ বিভাগ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
ভেটেরিনারি সার্জন আরও বলেন, কমলগঞ্জ উপজেলার একটি পৌরসভা ও নয়টি ইউনিয়নের জন্য মাঠপর্যায়ের উপসহকারী কর্মকর্তার পদ ও তিনজন কর্মকর্তা আছেন। তিনজনকে দিয়ে সারা উপজেলায় চিকিৎসাসেবা দেওয়া যাচ্ছে না। তাই লোকবল চেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আবেদন পাঠানো হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল হাই বলেন, হাওরে মহিষ নিয়ে যাওয়ার পর এগুলো গলা ফোলা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে।