কমলগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে চা-শ্রমিক নিহত, গ্রেপ্তার ১
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শ্রীগোবিন্দপুর চা-বাগানে গত শনিবার চা-শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে মিলন বীন নামের একজন নিহত ও চারজন আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহত ব্যক্তিদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, চা-বাগানে কেটে রাখা কয়েকটি গাছ পাচারকে কেন্দ্র করে সকালে দুদল শ্রমিকের মধ্যে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে শ্রমিকেরা দেশীয় অস্ত্র ব্যবহার করেন। এতে পাঁচজন আহত হন। গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে মিলন বীনের মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে শনিবার রাতে মিলনকে দাহ করা হয়। এ ঘটনায় নিহতের ভাই দুর্গাপ্রসাদ বীন শনিবার রাতে কমলগঞ্জ থানায় মামলা করেন। আহত ব্যক্তিরা হলেন শংকর বীন, মনোরঞ্জন বীন, রাম বীন ও মতিলাল বীন। গ্রেপ্তার ব্যক্তির নাম মতিলাল পাশী। সংঘর্ষ ও হতাহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীগোবিন্দপুর চা-বাগানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান বলেন, চা-শ্রমিকদের দুই সম্প্রদায়ের অভ্যন্তরীণ বিরোধের জেরে এ সংঘর্ষ হয়।কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দীন জানান, ১৯ জনের নাম উল্লেখ করে এবং ১০-১৫ জনকে অজ্ঞাত পরিচয় দেখিয়ে হত্যা মামলা করা হয়েছে। গতকাল রোববার বিকেলে শ্রীগোবিন্দপুর চা-বাগানে অভিযান চালিয়ে মামলার আসামি মতিলাল পাশীকে গ্রেপ্তার করা হয়।