কমলগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জে মালামাল পরিবহনে গ্রাম্য রাস্তা ব্যবহারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে ১ জন নিহত এবং ২১ জন আহত হয়েছেন। গত রোববার উপজেলার রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে। নিহত ব্যক্তির নাম সাজু আহমেদ (২০)। তিনি রামচন্দ্রপুর গ্রামের আবদুল হাকিমের ছেলে।
স্থানীয় গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার রামচন্দ্রপুর গ্রামের সড়কে মসজিদের মালামাল নিয়ে আসা একটি গাড়ি গ্রামের সড়কে ঢুকতে আপত্তি জানান দেওয়ান আলী ও রহমত আলীর লোকজন। এ ঘটনার জের ধরে দুপুরে দেওয়ান আলী ও রহমত আলীর সঙ্গে সাজিদ আলী ও আইয়ুব আলীর কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে উভয় পক্ষের লোকজন বিকেল সাড়ে পাঁচটায় সংঘর্ষে লিপ্ত হয়।
খবর পেয়ে কমলগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে আসে। পরে আহত ব্যক্তিদের দ্রুত কমলগঞ্জ ও মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে ছয়জনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত সোয়া ১১টায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাজু আহমেদ মারা যান।