কমলগঞ্জে দেয়াল চাপায় স্বামী নিহত, স্ত্রী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ঘরের মাটির দেয়াল ধসে চাপা পড়ে এক চা-শ্রমিক নিহত ও তাঁর স্ত্রী আহত হয়েছেন।  গতকাল মঙ্গলবার ভোরে ভারী বৃষ্টির কারণে উপজেলার সোনারায় চা-বাগানে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইসলামপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় ও কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উপজেলার চাম্পারায় চা-বাগানের ফাঁড়ি বাগান সোনারায় চা-বাগানে ঘরের দেয়ালচাপায় চা-শ্রমিক অজিত নায়েক (৪৫) ঘটনাস্থলেই মারা যান। আর দেয়ালচাপায় তাঁর স্ত্রী অঞ্জু নায়েক (৩২) গুরুতরভাবে আহত হন। তাঁকে গতকাল সকালে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সুলেমান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।

কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে জেলা প্রশাসক ২৫ হাজার টাকা দিয়েছে। তিনি আরও বলেন, চার-পাঁচ দিন আগে মুন্সীবাজার ইউনিয়নের দক্ষিণ রামচন্দ্রপুর গ্রামে ভারী বৃষ্টিতে ঘরের মাটির দেয়ালে চাপা পড়ে এক বৃদ্ধ মারা গিয়েছিলেন। ওই বৃদ্ধের পরিবারকেও জেলা প্রশাসক ২৫ হাজার টাকা সহায়তা দিয়েছেন।