কমলগঞ্জে ধলাই নদীতে ভেসে গেছে কিশোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির স্রোতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নে ধলাই নদীতে এক কিশোর ভেসে গেছে। পানির স্রোতের আঘাতে উপজেলার দুটি সড়ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি কালভার্ট ভেঙে ভানুগাছ-মাধবপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।গত বৃহস্পতিবার ভোর রাত থেকে গত শুক্রবার সারা দিনের বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির স্রোতে ইসলামপুর ইউনিয়নের মখাবিল এলাকায় ধলাই প্রতিরক্ষা বাঁধে ভাঙন শুরু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে ইসলামপুর ইউনিয়নের গুলেরহাওর এলাকার টমি মিয়ার ছেলে আয়াজ উদ্দীন (১৬) বাঁধের ভাঙন দেখতে যায়। এ সময় হঠাৎ সে ভাঙনের সঙ্গে ধলাই নদীর পানিতে পড়ে যায়। গতকাল শনিবার বিকেল পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি।এদিকে ধলাই নদীর পানি বৃদ্ধি পেয়ে মাধবপুর, ইসলামপুর ও মুন্সীবাজার ইউনিয়নের ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের নয়টি স্থান ভেঙে পানি ঢুকছে। এতে ওই সব এলাকার উঠতি আউশ ফসল তলিয়ে গেছে। পানির স্রোতে মুন্সীবাজার ইউনিয়নের মইডাইল এলাকায় একটি পাকা রাস্তার ব্যাপক ক্ষতি হয়েছে। কমলগঞ্জের ভানুগাছ-মাধবপুর সড়কে ধলাইরপার এলাকায় একটি ছোট কালভার্ট ভেঙে গতকাল শনিবার সকাল থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।