কমলগঞ্জে ধলাই নদীর পানি কমছে
কমলগঞ্জে গতকাল শনিবার ভোর থেকে ধলাই নদীর পানি কমতে শুরু করেছে। এতে কমলগঞ্জ সদর ও আলীনগর ইউনিয়নে প্লাবন পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে নিম্নাঞ্চলের তিনটি ইউনিয়নে পানি বেড়েছে। গতকাল ভোর থেকে কমলগঞ্জের ধলাই ও লাঘাটা নদীর পানি কমতে শুরু করে। তাই কমলগঞ্জ সদর ইউনিয়নের চৈতন্যগঞ্জ ও রহিমুপর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামে প্লাবন পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে পতনউষার ইউনিয়নের ধূপাটিলা, পতনউষার, নোয়াগাঁও, রামেশ্বরপুর, গোপীনগর, শ্রীরামপুর, হালাবাদী, মহেশপুর, জগন্নাথপুর, চানগাঁও, বৃন্দাবনপুর; মুন্সীবাজার ইউনিয়নের রূপশপুর, বনবিষ্ণুপুর এবং শমশেরনগর ইউনিয়নের কেছুলুটি, সতিঝিরগাঁও ও মরাজানের পার গ্রামে প্লাবন পরিস্থিতির অবনতি হয়েছে। এসব গ্রামের বোরো ফসল পাঁচ দিন ধরে পানিতে তলিয়ে রয়েছে।এদিকে গতকাল বিকেলে মৌলভীবাজার-৪ আসনের সাংসদ ও জাতীয় সংসদের চিফ হুইপ আব্দুস শহীদ পতনউষার ইউনিয়নে জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি দুর্গতদের মধ্যে নগদ অর্থ ও শুকনা খাবার বিতরণ করেন।কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ধলাই ও লাঘাটা নদীর পানি কমায় একাংশে পরিস্থিতির উন্নতি হলেও অপর অংশে অবনতি হয়েছে।