কমলগঞ্জে পাহাড়ি ছড়া থেকে নারীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পাহাড়ি লঙ্গুছড়া থেকে স্বপ্না রানী পাল (৪৫) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে গতকাল শুক্রবার সকালে পুলিশ লাশটি উদ্ধার করে।লঙ্গুপাড়া গ্রামবাসী জানায়, গতকাল সকালে লঙ্গুছড়ায় পানি আনতে গিয়ে বিবস্ত্র অবস্থায় স্বপ্না রানীর লাশটি সেখানে পড়ে থাকতে দেখে তারা। তাঁর বাড়ি এ গ্রামেই। বিধবা স্বপ্না রানী কমলগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের আয়া ছিলেন। নিহতের ছেলে দোলন পাল ও মেয়ে সীমা পাল জানায়, তাদের মা বৃহস্পতিবার সকাল আটটায় বিদ্যালয়ের কাজে যান। বেলা দুইটায় ছুটি হলেও তিনি ফিরে আসেননি। গতকাল লঙ্গুছড়া থেকে মায়ের লাশ উদ্ধারের খবর পায় তারা।কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ মাহবুব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির সময় তাঁর শরীরে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাঁকে ধরে নিয়ে পাশবিক নির্যাতনের পর হত্যা করে ছড়ায় ফেলে দেয়। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।