কমলগঞ্জে পাহাড়ি ঢলে আট গ্রাম প্লাবিত
গতকাল মঙ্গলবার সারা রাতের টানা বৃষ্টিতে ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদের পানি বেড়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কমলগঞ্জ পৌরসভার একটি ও মুন্সিবাজার ইউনিয়ন এলাকায় আরও একটি স্থানে ধলাই নদের প্রতিরক্ষা বাঁধ ভেঙে পানি ঢুকে আটটি গ্রামের ফসলি জমির রোপা আমন তলিয়ে গেছে।
কমলগঞ্জ পৌরসভা ও উপজেলা প্রশাসন সূত্র জানায়, ঈদের দিন মঙ্গলবার রাতে ভারী বৃষ্টিপাতের পর ধলাই নদের পানি বাড়তে থাকে। আজ দুপুর ১২টার পর থেকে উজানের পাহাড়ি ঢলের পানি নামতে শুরু করে। এতে ধলাই নদের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে থাকে। সন্ধ্যা পৌনে সাতটার দিকে কমলগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের গোপালনগর এলাকায় প্রায় ৩০ ফুট চওড়া বাঁধ ভেঙে নদের পানি ভেতরে ঢুকতে শুরু করে। এতে করে পৌরসভার গোপালনগর, যুদ্ধাপুর, নাগড়া ও করিমপুর এলাকার প্রায় ৯০০ একর জমির রোপা আমন ফসল তলিয়ে গেছে।
একই সময়ে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের সুরানন্দপুর গ্রামে ধলাই নদের প্রায় ২০ ফুট চওড়া প্রতিরক্ষা বাঁধ ভেঙে নদের পানি দ্রুতগতিতে সুরানন্দপুর, মইডাউল, বাসুদেবপুর ও জালালপুর গ্রামে প্রবেশ করে। এই চারটি গ্রামের প্রায় ১২৩ একর জমির ফসল তলিয়ে যায়। ফসলি জমির পাশাপাশি গ্রামের রাস্তা ও বসতভিটাও তলিয়ে গেছে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হক সাংবাদিকদের বলেন, উপজেলা প্রশাসন বিষয়টি গুরুত্বসহকারে নজরদারি করছে।