কমলগঞ্জে পাহাড়ি ঢলে দেড় শ পরিবার পানিবন্দী
ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা সদরের দুটি গ্রামের দেড় শ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। গতকাল শুক্রবার ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের পুরাতন ভাঙন এলাকা দিয়ে ঢলের পানি ঢুকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ১২টা থেকে গতকাল শুক্রবার ভোর ৬টা পর্যন্ত টানা বৃষ্টি হয়। ভারী বৃষ্টির ফলে পাহাড়ি ঢলের পানি ধলাই নদে এসে পড়ে। এতে পানি বেড়ে কমলগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের গোপালনগর ও করিমপুর এলাকার ধলাই প্রতিরক্ষা বাঁধের দুই সপ্তাহ আগের ভাঙন এলাকা দিয়ে ঢুকে গোপালনগর ও করিমপুর গ্রামের দেড় শ পরিবার পানিবন্দী হয়ে পড়ে।
গতকাল বিকেল সাড়ে চারটায় পানি কমলগঞ্জ-মৌলভীবাজার সড়কের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন এলাকা নিমজ্জিত করে। খবর পেয়ে কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ উপজেলা যুবলীগের পক্ষে পানিবন্দী পরিবারগুলোর মধ্যে চিড়া, গুড়, দেশলাইও মোমবাতি বিতরণ করেন। বিকেল পাঁচটায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহমুদুল হক ওই এলাকা পরিদর্শন করেন।
ইউএনও বলেন, রাতে আবার বৃষ্টি হলে অবস্থার আরও অবনতি হতে পারে। উপজেলা প্রশাসন এ বিষয়ে সতর্ক রয়েছে।