কমলগঞ্জে পুকুরে ডুবে কলেজছাত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জে নিজেদের বাড়ির পুকুরে ডুবে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সাতটার দিকে পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয় সে। সকাল নয়টার দিকে তার লাশ ভেসে ওঠে। উপজেলার রহিমপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ওই ছাত্রীর নাম সুইটি মালাকার (১৭)। সে শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজের একাদশ শ্রেণিতে পড়ত।

কমলগঞ্জ থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুইটি মালাকার গোসল সেরে কলেজে যাওয়ার জন্য প্রস্তুতির অংশ হিসেবে সকাল সাতটার দিকে পুকুরে নামে। এরপর থেকে সে নিখোঁজ। এর ঘণ্টা দুয়েক পর পুকুরে লাশ ভেসে ওঠে। খবর পেয়ে কমলগঞ্জ থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

সুজা মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ ম. মুর্শেদুর রহমান বলেন, সুইটি এই কলেজে একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্রী ছিল।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সম্ভবত সাঁতার না জানার কারণে পুকুরের পানিতে ডুবে মেয়েটি মারা গেছে।