কমলগঞ্জে পুলিশি বাধায় সভা পণ্ডের অভিযোগ বিএনপির
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নে পুলিশি বাধায় ইউনিয়ন ওয়ার্ড বিএনপির একটি সভা পণ্ড হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার ইউনিয়নের বাদে সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ এ সময় বিএনপির এক কেন্দ্রীয় নেতার গাড়িও জব্দ করে।
বিএনপির উপজেলা কমিটি সূত্র জানায়, গতকাল বিকেল চারটার দিকে গ্রামটিতে ইউনিয়ন ওয়ার্ড কমিটির একটি সাংগঠনিক সভা চলছিল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির মুজিবুর রহমান চৌধুরী। বিকেল পাঁচটার দিকে কমলগঞ্জ থানার এসআই ইকবাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সভার কর্মীদের ধাওয়া করে। ঘটনাস্থল থেকে বিএনপির নেতা মুজিবুর রহমানের গাড়িটি জব্দ করে পুলিশ।
মুঠোফোনে বিএনপি নেতা মুজিবুর রহমান বলেন, কোনো উসকানি ছাড়াই ক্ষমতাসীন দলের স্বার্থে পুলিশ আমাদের সভাটি পণ্ড করে দিল।
এসআই ইকবাল হোসেন বলেন, বিএনপির গোপন সভা চলার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে নেতা-কর্মীরা পালিয়ে যান। কাউকে ধাওয়া করা হয়নি। ঘটনাস্থল থেকে একটি গাড়ি জব্দ করা হয়েছে।