কমলগঞ্জে প্রধান শিক্ষকের মেয়াদ বাড়ানো নিয়ে সংঘর্ষ, আহত ৩
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের দয়াময় সিংহ উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষকের অনুসারী ও পরিচালনা পরিষদের সদস্যদের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। প্রধান শিক্ষক অনিল কুমার সিংহের চাকরির মেয়াদ বাড়ানো নিয়ে গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। এতে বিদ্যালয়ের প্রথম সাময়িক পরীক্ষা ৩০ মিনিট দেরিতে শুরু হয়। আহত ব্যক্তিরা হলেন প্রধান শিক্ষক অনিল কুমার সিংহ, পরিচালনা কমিটির সদস্য বঙ্ক বিহারি সিংহ ও সহসভাপতি বীরেন্দ কুমার সিংহ।জানা যায়, প্রধান শিক্ষক অনিল কুমার সিংহের চাকরির মেয়াদ গত সোমবার শেষ হয়। মেয়াদ আরও দুই বছর বাড়ানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিসহ সব সদস্যের সহযোগিতা চান অনিল। পরিচালনা কমিটির সদস্যরা তাঁর আবেদনে সাড়া দেননি। এ নিয়ে বিরোধের জের ধরে সোমবার বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সালিয়া সিংহসহ ছয় সদস্য পৃথক সভা করে জ্যেষ্ঠ শিক্ষক জয়ন্ত কুমার সিংহকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোনীত করেন এবং সঙ্গে সঙ্গে প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দেন। এর জের ধরে গতকাল সকালে সংঘর্ষ বাধে। এ সময় অনেক শিক্ষার্থী আতঙ্কে দৌড়ে পালিয়ে যায়।কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রকাশকান্তি চৌধুরী বলেন, অবশিষ্ট পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য একজন জ্যেষ্ঠ শিক্ষককে সাময়িকভাবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। এ সময়ে প্রধান শিক্ষক বা পরিচালনা কমিটির সদস্যদের বিদ্যালয়ে যেতে নিষেধ করা হয়েছে।