কমলগঞ্জে প্রার্থী নিয়ে বিএনপিতে কোন্দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল আহমদকে চূড়ান্ত করা হয়েছে। যুবলীগ থেকে পদত্যাগ করা এক নেতা মনোনয়ন পাওয়ার জন্য বিএনপিতে যোগ দিচ্ছেন—এমন গুজবে দলটিতে কোন্দল বেড়ে গেছে।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিক আলী বলেন, মেয়র পদে জুয়েল আহমদের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। তাঁকে মনোনয়নপত্র কিনে রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়ার কথা বলা হয়েছে।
জুয়েল আহমদ বলেন, রোববার জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাদের সামনে সাক্ষাৎকার দেওয়ার পর কমিটি পরবর্তী সিদ্ধান্তের জন্য তাঁর নাম ঢাকায় কেন্দ্রীয় কমিটিতে পাঠায়। মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় কমিটি তাঁকে মনোনয়নের বিষয়টি নিশ্চিত করে।
আওয়ামী লীগের অপর মনোনয়নপ্রত্যাশী উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, দলীয় সিদ্ধান্ত মেনে নিতে হচ্ছে। তবে তিনি কাউন্সিলর প্রার্থী হবেন।
স্থানীয় বিএনপির সূত্র জানায়, গত ১১ নভেম্বর উপজেলা যুবলীগের সহসভাপতি জাকারিয়া হাবিব পদত্যাগ করেন। তিনি বিএনপির সমর্থন নিয়ে মেয়র প্রার্থী হচ্ছেন বলে বিএনপিতে কোন্দল বেড়ে গেছে।
উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হোসেন বলেন, জাকারিয়া হাবিব বিএনপিতে যোগ দিয়েছেন। দলের নেতা-কর্মীরা গত সোমবার ৩০ নভেম্বর বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরীর বাড়িতে সভা করে হাবিবকে সমর্থন দিয়েছে।
তবে গতকাল জাকারিয়া হাবিব বলেন, তিনি এখনো বিএনপিতে যোগ দেননি। তবে বিএনপির একটি বড় অংশ তাঁকে সমর্থন দিয়েছে।
বিএনপির অপর মনোনয়নপ্রত্যাশী পৌরসভার মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু ইব্রাহিম জামশেদ বলেন, একটি বিশেষ মহল এ নাটক করছে। তাঁরা দলে কোন্দল বাড়াতে চাচ্ছে।