কমলগঞ্জে প্রেসক্লাব সভাপতিকে রড দিয়ে পিটিয়ে আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সিলেটের ডাক পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি সুব্রত দেব রায় সঞ্জয়কে প্রকাশ্যে রাস্তায় ফেলে লোহার রড দিয়ে পিটিয়েছে ডাকাতি মামলার আসামিরা। গত রোববার বেলা একটার দিকে শমশেরনগর-কমলগঞ্জ সড়কের জালালিয়া স্থানে এ ঘটনা ঘটে।আহত সাংবাদিক সুব্রতকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা গৌরমণি সিংহ বলেন, ‘রডের আঘাতে সুব্রতর মাথা ও বাম হাতের হাড় ফেটে গেছে। সারা শরীরে অসংখ্য আঘাত রয়েছে। এ জন্য বিকেলে তাঁকে মৌলভীবাজার জেলা সদরে নিয়ে সিটিস্ক্যান ও হাত-পায়ের এক্স-রে করতে হয়েছে।’চিকি ৎসাধীন সুব্রত দেব রায় বলেন, কমলগঞ্জের কামুদপুর এলাকা থেকে রোববার বেলা একটার দিকে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। পথে জালালিয়া নামক স্থানে অতর্কিতভাবে একাধিক ডাকাতি মামলার আসামি আবদুল মালিক রড দিয়ে তাঁকে আঘাত করেন। মাটিতে পড়ে গেলে তাঁকে এলোপাতাড়িভাবে পেটান মালিক ও তাঁর সহযোগী নজরুল ইসলাম। এ সময় উপজেলা সদর থেকে শমশেরনগরে নিজ বাসায় ফেরার পথে এই প্রতিবেদক হামলার দৃশ্য দেখতে পান। প্রতিবেদক স্থানীয় লোকজন নিয়ে এগিয়ে এলে আবদুল মালিক ও তাঁর সহযোগীরা পালিয়ে যান। গুরুতর আহত সাংবাদিক সুব্রতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। আবদুল মালিককে না পেয়ে ঘটনাস্থলের পাশে তাঁর চায়ের দোকান থেকে একটি টেলিভিশন ও একটি ভিসিডি জব্দ করে পুলিশ। মুঠোফোনে নজরুল ইসলাম বলেন, তিনি হামলা করেননি। তিনি সাংবাদিক সুব্রতকে রক্ষা করতে এগিয়ে গিয়েছিলেন।পুলিশ সুপার হারুন-অর-রশিদ বলেন, হামলাকারীদের আটকে সাঁড়াশি অভিযান চলছে। হামলার ঘটনায় রোববার রাত ১২টার দিকে আহত সুব্রত বাদী হয়ে আবদুল মালিক ও নজরুল ইসলামের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। ২০০৬ সালের ২১ সেপ্টেম্বর সাংবাদিক সুব্রতর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির পর থেকে তিনি উপজেলা সদরের ভানুগাছ বাজারে ভাড়া বাসায় বসবাস করছেন। পুলিশ ওই ঘটনায় করা মামলা ঘটনা তদন্ত করে আবদুল মালিক ও নজরুল ইসলামসহ আরও কয়েকজনকে আসামি অভিযোগপত্র দিয়েছে। এ ছাড়া আবদুল মালিকের বিরুদ্ধে কমলগঞ্জসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।