কমলগঞ্জে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়ির বারান্দায় বসে গল্প করছিলেন দিনমজুর আজির আলী (৪৫) ও তাঁর স্ত্রী আলিমা বেগম (২৫)। এ সময় মুষলধারে বৃষ্টির সঙ্গে মেঘের গর্জন হচ্ছিল। রাত আটটায় আচমকা বজ্রপাতে আহত হন তাঁরা। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

গত শনিবার রাত আটটায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর গ্রামে এই ঘটনা ঘটে।

আদমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবদাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভারী বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাতে আজির ও আলিয়া গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাঁদের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত ৯টা ২৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক দেবজ্যোতি সিনহা তাঁদের মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহমুদুল হক রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই পরিবারকে ৪০ হাজার টাকা বরাদ্দের ঘোষণা দেন। তাৎক্ষণিকভাবে তিনি ১০ টাকা প্রদান করেন।

গতকাল রোববার বেলা তিনটায় আজির আলী ও আলিমা বেগমের জানাজা শেষে গ্রামের কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়।