কমলগঞ্জে বনকর্মী গাছচোর পাল্টাপাল্টি ধাওয়া, আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বনকর্মী ও গাছচোরদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় আত্মরক্ষার্থে বনকর্মীদের ছোড়া গুলিতে
চারজন আহত হন। গত শনিবার সন্ধ্যায় কুরমা সংরক্ষিত বনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও কুরমা বন বিট কার্যালয় থেকে জানা গেছে, ওই দিন সন্ধ্যায় ৪০-৫০ জনের সশস্ত্র একদল গাছচোর কুরমা সংরক্ষিত বনাঞ্চলে প্রবেশ করে। খবর পেয়ে মাত্র তিনজন বনকর্মী নিয়ে বন বিট কর্মকর্তা রবীন্দ্রকুমার সিংহ গাছচোরদের ধাওয়া করেন। এ সময় চোরের দলটি পাল্টা ধাওয়া করলে আত্মরক্ষার্থে বনকর্মীরা গুলি ছোড়েন। গুলিতে ফারুক মিয়া, শিবির মিয়া, জহির মিয়া ও শিবির মিয়া নামের চারজন আহত হন। তবে অন্য গাছচোরেরা তাঁদের উদ্ধার করে পালিয়ে যেতে সক্ষম হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুরমা বন বিট কর্মকর্তা রবীন্দ্রকুমার সিংহ প্রথম আলোকে বলেন, প্রায়ই এভাবে গাছচোর দল সংরক্ষিত বনে প্রবেশ করে মূল্যবান গাছ কাটার চেষ্টা করে।
রাজকান্দি বন রেঞ্জ কর্মকর্তা প্রভাত কুসুম আচার্য প্রথম আলোকে বলেন, একটি প্রভাবশালী মহল গাছচোর দলের গডফাদার হিসেবে কাজ করছে।
গাছচোর চক্রের নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, আহত ফারুক মিয়া ও জহির মিয়ার অবস্থা গুরুতর। তাঁদের গোপনে চিকিৎসা দেওয়া হচ্ছে।