কমলগঞ্জে বনকর্মীর গুলিতে বন-গ্রামের সর্দার আহত
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় এক বনকর্মীর গুলিতে লাল মিয়া নামের এক বন ভিলেজার (বন-গ্রাম সর্দার) আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাজকান্দি রেঞ্জের আদমপুর বন বিটের কাউয়ারগলা গ্রামে এ ঘটনা ঘটে।গ্রামবাসী সূত্রের বিবরণ অনুযায়ী, গতকাল সকালে আদমপুর বন বিটের কর্মী মোহাম্মদ খানের সঙ্গে পূর্ববিরোধের জের ধরে কাউয়ারগলা গ্রামের সর্দার লাল মিয়ার (৬০) তর্ক হয়। একপর্যায়ে বনকর্মী মোহাম্মদ খান খুব কাছ থেকে লাল মিয়ার পা লক্ষ্য করে একটি গুলি ছোড়েন। এতে তিনি গুরুতর আহত হন। গুলিবিদ্ধ লাল মিয়াকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাঁকে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাব্বির আহমদ ভূঁইয়া বলেন, হাঁটুর নিচে গুলি লাগায় লাল মিয়া প্রাণে বেঁচে গেছেন।কমলগঞ্জের রাজকান্দি বন রেঞ্জ কর্মকর্তা প্রভাত কুসুম আচার্য্য জানান, ভুলক্রমে বনকর্মীর বন্দুক থেকে একটি গুলি বেরিয়ে ওই ঘটনা ঘটেছে।গ্রামবাসীর অভিযোগ, বনকর্মী মোহাম্মদ খান বনাঞ্চলের মূল্যবান গাছ পাচারে জড়িত। এর প্রতিবাদ করায় কয়েক মাস আগে কয়েকজন বনকর্মী পূর্ব জালালপুর গ্রামবাসীকে লক্ষ্য করে বেশ কটি গুলি ছোড়েন।