কমলগঞ্জে বনদস্যুদের হামলায় কর্মকর্তাসহ ৯ বনকর্মী আহত
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে বনদস্যুদের হামলায় বন বিট কর্মকর্তাসহ নয়জন বনকর্মী আহত হয়েছেন। গতকাল সোমবার উদ্যানের কালাছড়া বন বিটের ভেড়াছড়া এলাকায় এ ঘটনা ঘটে। মকবুল মিয়া নামের এক বনদস্যুকে আটক করা হয়েছে। তাঁর বাড়ি সরইবাড়ী গ্রামে।বন বিভাগের কর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সকালে ভেড়াছড়া এলাকায় বনদস্যুরা মূল্যবান গাছ ও বাঁশ কেটে নিচ্ছে খবর পেয়ে কালাছড়া বন বিট কর্মকর্তা মনজুরুল আলম বনকর্মীদের নিয়ে অভিযান চালিয়ে মকবুল মিয়াকে আটক করেন। বাকিরা পালিয়ে যায়। আটক মকবুল মিয়া কৌশলে পালিয়ে গিয়ে কমলগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল লতিফকে ঘটনাটি জানান। পরে ইউপি সদস্য আবদুল লতিফের নেতৃত্বে ৪০-৫০ জনের একটি দল বনকর্মীদের ওপর হামলা চালায়। এ সময় কালাছড়া বন বিট কর্মকর্তা মনজুরুল আলমসহ নয়জন গুরুতর আহত হন। বনদস্যুরা বনকর্মীদের কাছ থেকে একটি রাইফেল ও লক্ষাধিক টাকার মূল্যবান গাছ ও বাঁশ ছিনিয়ে নেয়। আহত অবস্থায় বনদস্যু মকবুলকে আবারও আটক করেন বনকর্মীরা। আধ ঘণ্টা পর বন বিভাগের লোকজন ফের ধাওয়া করলে বনদস্যুরা ছিনিয়ে নেওয়া রাইফেলটি ফেলে পালিয়ে যায়। বনদস্যুদের হামলায় আহত বন বিট কর্মকর্তাসহ সাতজন বনকর্মী কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন।ঘটনার সত্যতা নিশ্চিত করে লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা (বন্য প্রাণী) আজহারুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা হয়েছে। ইউপি সদস্য আবদুল লতিফের সঙ্গে কথা বলার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।