কমলগঞ্জে বনভূমি দখল করে লেবুগাছ
মৌলভীবাজারের কমলগঞ্জ সদর ইউনিয়নের লঙ্গুরপাড়ায় বন ভিলেজারের বাধা উপেক্ষা করে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে প্রায় দুই একর বনভূমি দখলের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় প্রশাসনের নিষ্ক্রিয়তায় ওই ব্যক্তি গত শুক্রবার জমিতে লেবুগাছ লাগিয়েছেন।
বনভূমি দখলের অভিযোগ ওঠা ওই ব্যক্তির নাম জমশেদ আলী (৩৮) বলে জানা গেছে।
বন ভিলেজার ছবুরা বেগম (৫০) অভিযোগ করেন, তাঁর স্বামী বন বিভাগে কাজ করতেন। স্বামীর মৃত্যুর পর ১০-১২ বছর ধরে তিনি বন ভিলেজার হিসেবে এখানে আছেন। সম্প্রতি বালিগাঁও গ্রামের জমশেদ বনের দুই একরের মতো জায়গা নিজের দাবি করে তাঁকে উচ্ছেদের চেষ্টা শুরু করেন। এ নিয়ে ৪ জুলাই তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেন। লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা (বন্য প্রাণী), সহকারী বন সংরক্ষকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগের একটি করে অনুলিপিও দেন তিনি। ইউএনও দ্রুত ব্যবস্থা নিতে কমলগঞ্জ থানার ওসির কাছে অভিযোগপত্রটি পাঠান। এরই মধ্যে শুক্রবার জমশেদ সশস্ত্র লোকজন নিয়ে বনের গাছ কেটে লেবুগাছ লাগান। ছবুরা বেগম বাধা দিলেও লাভ হয়নি।
কমলগঞ্জ থানার এএসআই হারুন-আল-রশীদ বলেন, প্রাথমিক তদন্তে বোঝা গেছে, এই জমি বন বিভাগের। তার পরও গত রোববার দুই পক্ষকে কমলগঞ্জ থানায় আসতে বললে শুধু ছবুরা বেগম আসেন। কিন্তু দখলদার আসেননি।
লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা মর্তুজা আলী বলেন, জমিটি বন বিভাগের। জমি রক্ষায় বন বিভাগ কেন উদ্যোগ নিচ্ছে না, জানতে চাইলে তিনি নিশ্চুপ থাকেন।
জমশেদ আলী বলেন, দলিলসূত্রে জমির মালিক তিনি। বন বিভাগ অন্যায়ভাবে তা দখল করে রেখেছে। তাই তিনি ওই জমির দখল নিয়ে লেবুগাছ লাগিয়েছেন। কমলগঞ্জ থানার ওসি নিহাররঞ্জন নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।