কমলগঞ্জে বনায়নের সদস্যকে হত্যার অভিযোগ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় সামাজিক বনায়ন কর্মসূচির এক উপকারভোগী/সদস্যকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে একদল গাছচোর। গত বুধবার দিবাগত রাতে বাঘাছড়া বনে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সুন্দর আলী (২৮)। তিনি বাঘাছড়া এলাকার বোদাই মিয়ার ছেলে। গতকাল বৃহস্পতিবার ভোর ছয়টায় বাঘাছড়ার রাঙ্গিটিলা এলাকার গভীর বনে তাঁর ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়।
রাজকান্দি বন রেঞ্জ ও বাঘাছড়া গ্রামবাসী সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যার পর একদল গাছচোর সশস্ত্র অবস্থায় রাজকান্দি বন রেঞ্জের বাঘাছড়া বনের সামাজিক বনায়নের গাছ কাটতে ঢোকে। গাছ কাটার শব্দ শুনে সামাজিক বনায়ন কর্মসূচির উপকারভোগী সদস্য সুন্দর আলী ঘর থেকে বের হয়ে সেখানে যান। গভীর রাতেও বাড়ি ফিরে না আসায় তাঁর স্বজনেরা বনকর্মীদের নিয়ে তাঁকে খোঁজাখুঁজি করে বৃহস্পতিবার ভোর ছয়টায় রাঙ্গিটিলা এলাকায় তাঁর লাশ পান।
এ বিষয়ে স্থানীয় ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হান্নান বলেন, একটি সংঘবদ্ধ গাছচোর চক্রের কারণে বাঘাছড়া ও কুরমা বনাঞ্চলের গাছগাছালি রক্ষা করা যাচ্ছে না। কারা এ ধরনের কাজে জড়িত তা বন বিভাগ জানে। ওই চক্রই তাঁকে (সুন্দরকে) কুপিয়ে হত্যা করে পালিয়ে গেছে।
রাজকান্দি বন রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আহাদ বলেন, বিষয়টি কমলগঞ্জ থানাকে জানানোর পর পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে নিহতের পরিবার বাদী হয়ে একটি মামলা করলে বন বিভাগ সার্বিক সহায়তা করবে।