কমলগঞ্জে বাঁশ-বেত শিল্পীদের মিছিল ও স্মারকলিপি পেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাঁশ-বেতশিল্পী বাঁচাও, পুঁজি দাও’—এই দাবিতে কমলগঞ্জ উপজেলা সদরে মিছিল ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি পেশ করেছেন বাঁশ ও বেতশিল্পীরা। কমলগঞ্জের আদমপুর ও ইসলামপুর ইউনিয়নের এই শিল্পের সঙ্গে জড়িত লোকজন গতকাল সোমবার সকালে এ কর্মসূচি পালন করেন। বেলা ১১টায় বেত কারিগর সমবায় সমিতির সভাপতি রোকেয়া বেগম ও সাধারণ সম্পাদক রিছান আহমেদের নেতৃত্বে শিল্পীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রকাশকান্তি চৌধুরীর কাছে স্মারকলিপি দেন। স্মারকলিপি গ্রহণ করে নির্বাহী কর্মকর্তা বাঁশ ও বেতশিল্পীদের উদ্দেশে বক্তব্যে বলেন, ইতিমধ্যে বিষয়টি গুরুত্বসহকারে জেলা কমিটির সভায় উপস্থাপন করা হয়েছে। এই শিল্পের সঙ্গে জড়িত লোকজনকে ঋণ দেওয়ার জন্য প্রচেষ্টা অব্যাহত আছে। এ সময় উপস্থিত ছিলেন লেখক গবেষক আহমদ সিরাজ, কমলগঞ্জ সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সাইয়্যিদ ফখরুল, ক্ষেতমজুর নেতা খালেদ আহমেদ প্রমুখ।