মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বিএনপির মিছিলে ও দলীয় কার্যালয়ে পুলিশের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। হামলায় সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। উপজেলা চেয়ারম্যানসহ বিএনপির চার নেতাকে পুলিশ আটক করেছে। তাঁরা হলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নেতা হাজি মুজিব, পৌর কাউন্সিলর গোলাম মুগ্নি মুহিত ও উপজেলা বিএনপির সদস্য গোলাম মওলা ইসমত। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মুদ্রা পাচার নিয়ে একটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়ে গতকাল কমলগঞ্জে আসেন শামীম আহমদ চৌধুরী। তাঁকে স্বাগত জানাতে দলের নেতা-কর্মীরা বিকেল থেকে উপজেলার ভানুগাছ চৌমুহনা চত্বরে সমবেত হন। বিকেল পাঁচটার দিকে শামীমকে বহনকারী গাড়ি ওই চত্বরে পৌঁছায়। গাড়ি থেকে নামামাত্রই পুলিশ তাঁকে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করে। এ ঘটনায় দলের নেতা-কর্মীরা মিছিল শুরু করেন। এতে পুলিশ তাঁদের ওপর লাঠিপেটা ও কাঁদানে গ্যাসের চারটি শেল ছোড়ে। মিছিল থেকে কমলগঞ্জ পৌর কাউন্সিলর গোলাম মুগ্নি মুহিত ও গোলাম মওলা ইসমতকে আটক করা হয়। কমলগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি আবুল হোসেন অভিযোগ করে বলেন, মিছিলটি বিএনপির দলীয় কার্যালয়ে পৌঁছালে পুলিশ সেখানে দ্বিতীয় দফা হামলা চালায়। সেখানে পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়ার এক পর্যায়ে পুলিশ কাঁদানে গ্যাসের পাঁচটি শেল ছোড়ে। সেখান থেকে হাজি মুজিব ও শামীম আহমদ চৌধুরীকে আটক করে। পুলিশ বিএনপির কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করে। আবুল হোসেন বলেন, ‘পুলিশ পরিকল্পিতভাবে আমাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা চালিয়ে অর্ধশতাধিক নেতা-কর্মীকে আহত করেছে।’ দুই দফা পুলিশি হামলায় মানবজমিন পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি সাজিদুর রহমান, উপজেলা ছাত্রদলের সভাপতি আনসার শোকরানা, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, প্রচার সম্পাদক মোমিন মুক্তাদির, প্রচার সম্পাদক মুজিবুর রহমানসহ কমপক্ষে ২০ জন নেতা-কর্মী আহত হন। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দীন বলেন, ওই মিছিল থেকে পুলিশের ওপর হামলা চালিয়ে ১২ পুলিশ সদস্যকে আহত করা হয়েছে। বিএনপির কার্যালয়ে হামলার বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। গত ১৮ জানুয়ারি মুদ্রা পাচার নিয়ে একটি মামলায় শামীম আহমদ চৌধুরীকে তাঁর ঢাকার বাসা থেকে পুলিশ গ্রেপ্তার করে।এক নজরে