কমলগঞ্জে বিদ্যালয় জলাবদ্ধ পাঁচ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঁচ দিন ধরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। পানিনিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় ৩ থেকে ৫ এপ্রিলের বৃষ্টিতে এই অবস্থার সৃষ্টি হয়।

গতকাল রোববার দুপুরে সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের পুরোনো দোতলা ভবনের নিচতলার বারান্দা এবং তিনটি শ্রেণিকক্ষের মধ্যে দুটি, বিদ্যালয়ের মাঠ ও বিদ্যালয়ে ঢোকার গলিপথ পানিতে ডুবে আছে। শৌচাগারের সামনেও পানি।শিক্ষার্থীরা ময়লা পানি অতিক্রম করেবিদ্যালয়ে আসা-যাওয়া করছে। ডুবে যাওয়া শ্রেণিকক্ষের পাঠদান চলছে নতুন ভবনের বারান্দায়। বিদ্যালয় সূত্রে জানা যায়, এখানে শিশু থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট শিক্ষার্থী ৩০৪ জন।

সম্প্রতি নির্বাচিত ভানুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাউন্সিলর জাকিয়া সুলতানা (পঞ্চম শ্রেণি) ও ইশরাত জাহান (পঞ্চম শ্রেণি) এ প্রতিনিধিকে বলে, এ এলাকায় পানিনিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলেই বিদ্যালয়ের প্রবেশপথে পানি জমে থাকে। তার ওপর তিন দিনের ভারী বৃষ্টিতে পুরো বিদ্যালয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়। পুরোনো দোতলা ভবনের নিচতলার তিনটি শ্রেণিকক্ষের দুটিতে চার দিন ধরে পানি জমে আছে। ২৩ এপ্রিল থেকে তাদের প্রথম সাময়িক পরীক্ষা। এ কারণে এ অবস্থার মধ্যেও বিদ্যালয়ে আসতে হচ্ছে।

বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক সুব্রত দেব রায় ক্ষোভ প্রকাশ করে বলেন, কমলগঞ্জ পৌরসভা সদরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পাঁচ দিন ধরে ময়লা পানিতে ডুবে আছে। শিক্ষক-শিক্ষার্থীরা ময়লা পানি মাড়িয়ে বিদ্যালয়ে আসছে। আর এ অবস্থায় ভবনের বারান্দায় পাঠদান চলছে, তা দেখার মতো সংশ্লিষ্ট কেউ আছে বলে মনে হয় না।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছন্দা বেগম বলেন, বিষয়টি জানিয়ে পানিনিষ্কাশনে ব্যবস্থা গ্রহণে তিনি উপজেলা শিক্ষা কার্যালয়ের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে ৬ এপ্রিল লিখিত আবেদনকরেছেন। এখনো কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

উপজেলা শিক্ষা কর্মকর্তা গকুল চন্দ্র দেবনাথ বলেন, ইউএনওর সঙ্গে আলোচনা হয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইউএনও মোহাম্মদ মাহমুদুলহক বলেন, স্থায়ীভাবে পানিনিষ্কাশনে নালা করার দরপত্র হয়ে গেছে। নালা তৈরি হলে এখানে আর জলাবদ্ধতার সৃষ্টি হবে না।