কমলগঞ্জে বিদ্যুতায়িত হয়ে কিশোরীর মৃত্যু
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নে ধলাই নদীর তীরে সেচের বিদ্যুৎ-সংযোগের তার মাটিতে পড়ে থাকায় বিদ্যুতায়িত হয়ে এক কিশোরী মারা গেছে।গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় মুন্সীবাজার ইউনিয়নের সুরানন্দপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। জানা যায়, সুরানন্দপুর গ্রামে ধলাই নদীর তীরে শীত মৌসুমে বোরো চাষের জন্য প্রভাষক ফারুক আহমদ, ইউসুফ মিয়া, ফারুক মিয়া, মুছা মিয়া ও সুনু মিয়া যৌথ উদ্যোগে সেচসুবিধার জন্য ইলেকট্রিক মোটর স্থাপন করেছিলেন। চাষাবাদের সময় শেষ হয়ে গেলে পল্লী বিদ্যুৎ সমিতিকে অবহিত না করেই তাঁরা ইলেকট্রিক মোটর খুলে নিলেও বিদ্যুতায়িত অবস্থায় বাঁশের খুঁটির সঙ্গে তারের সংযোগ থেকে যায়। বৃষ্টি ও দমকা বাতাসের কারণে এই বিদ্যুৎবাহী তারটি মাটিতে পড়ে যায়। গতকাল বৃহস্পতিবার সুরানন্দপুর গ্রামের মৃত জমির মিয়ার কিশোরী মেয়ে খোদেজা বেগম (১৬) ঘটনাস্থলের দিকে যাওয়ার পথে সংযুক্ত খোলা তারের ওপর পা পড়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যায়।সেচসুবিধাভোগী বোরো চাষি প্রভাষক ফারুক আহমদ জানান, শীত মৌসুমে সেচের কাজ শেষে হলে সংযোগটি বিচ্ছিন্ন করার জন্য পল্লী বিদ্যুৎ কার্যালয়কে অবহিত করা হয়। কিছু বকেয়া বিল আদায়ের জন্য পল্লী বিদ্যুৎ এ সেচের সংযোগ বিচ্ছিন্ন করেনি। এ অবস্থায় তাঁরা ইলেকট্রিক মোটরটি খুলে নেন। তারটি মাটিতে না পড়লে এ দুর্ঘটনাটি ঘটত না বলেও তিনি জানান। পল্লী বিদ্যুৎ কমলগঞ্জ জোনাল ডিজিএম প্রকৌশলী মোবারক হোসেন বোরো সেচসুবিধাভোগী প্রভাষক ফারুক আহমদকে দায়ী করে বলেন, পল্লী বিদ্যুৎ সমিতিকে অবহিত না করেই তিনি বা তাঁর লোকজন কেন সেচের ইলেকট্রিক মোটর খুলে নিলেন। পল্লী বিদ্যুৎ সমিতিকে অবহিত করলে তাঁর বিভাগীয় লোকজন বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করেই মোটরটি খুলে দিতেন। তা হলে আজকের এ দুর্ঘটনাটি ঘটত না।