কমলগঞ্জে বিভিন্ন দাবিতে চা-শ্রমিকদের স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় চা-শ্রমিকেরা মজুরি বৃদ্ধি, ভিটা উচ্ছেদ আইন বাতিলকরণ, চাকরি ও শিক্ষা কোটা সংরক্ষণ এবং শ্রমিক ইউনিয়নের গণতন্ত্রের ধারাবাহিকতা অব্যাহত রাখার দাবিতে গতকাল শুক্রবার আধা ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন। পরে তাঁরা বাংলাদেশের চা-সংসদের চেয়ারম্যানের কাছে একটি স্মারকলিপি দেন।এদিকে মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে শ্রীমঙ্গলে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের কার্যালয় লেবার হাউসে গতকাল এক প্রতিনিধি সভা হয়। সভায় ইউনিয়নের আহ্বায়ক বিজয় বুনারজি ঘোষণা দেন, ২৭ এপ্রিলের মধ্যে চুক্তি সম্পাদনের উদ্যোগ না নিলে আগামী ২৩ মে থেকে দেশের সব চা-বাগানে লাগাতার শ্রমিক ধর্মঘটসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।কমলগঞ্জের চা-শ্রমিক সূত্র জানায়, গতকাল উপজেলার ২২টি চা-বাগানের শ্রমিকেরা কাজে যাওয়ার আগে সকাল আটটার দিকে তাঁদের কার্যালয়ের সামনে আধা ঘণ্টার কর্ম বিরতি পালন করেন। পরে শ্রমিকেরা স্থানীয় চা-বাগান ব্যবস্থাপকদের মাধ্যমে চা-সংসদের চেয়ারম্যানের কাছে ওই স্মারকলিপি দেন।চা-শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাম ভজন কৈরী বলেন, চা-শ্রমিকেরা নিজেরাই জেগে উঠেছে। কমলগঞ্জের চা-শ্রমিকদের আন্দোলন পর্যায়ক্রমে দেশের সব চা-বাগানে ছড়িয়ে পড়বে।এদিকে শ্রীমঙ্গলে চা-শ্রমিক ইউনিয়নের ঘোষিত বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে ১ মে মৌলভীবাজার সদরে চা-শ্রমিক সমাবেশ, ২ মে থেকে দেশের সব চা-বাগানে সমাবেশ ও মিছিল, ২০ মে মশাল মিছিল, ২৩ মে থেকে দেশের সব চা-বাগানে শ্রমিক ধর্মঘট এবং ২৪ মে শ্রীমঙ্গলে চা-শ্রমিক মহাসমাবেশ। প্রতিনিধি সভায় চা-শিল্পের সাতটি অঞ্চল থেকে (ভ্যালি) ২২৪টি ইউনিটের আট শতাধিক প্রতিনিধি যোগ দেন। এতে সভাপতিত্ব করেন বিজয় বুনারজি।বিজয় বুনারজি বলেন, ‘দৈনিক ১৫০ টাকা মজুরি ও এক কেজি রেশন, উৎসবভাতা বাড়ানো, বছরে ২০ দিন ছুটিসহ মালিকপক্ষের কাছে আমাদের সংগঠনের পক্ষ থেকে ১৮ দফা দাবিনামা পেশ করা হয়েছে। ওই দাবিনামার ভিত্তিতে চা-বাগানের মালিকদের সংগঠন বিটিএ আমাদের সঙ্গে নতুন চুক্তির জন্য ২৭ এপ্রিলের মধ্যে আলোচনা শুরু না করলে ২৩ মে থেকে লাগাতার ধর্মঘটে যেতে বাধ্য হব।’