কমলগঞ্জে বোরোচাষিরা সেচ-সংকটে
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় চলতি বোরো মওসুমে পানির অভাবে সেচ-সংকটে পড়েছেন চাষিরা। নদীতে পানি না থাকায় সেচের সমস্যা প্রকট হয়েছে। এ ছাড়া পাহাড়ি ছড়ার উজানে বাঁধ দেওয়ায় নিম্নাঞ্চলে পানির প্রবাহ অনেক কমে গেছে।
উপজেলার শমশেরনগর ইউনিয়নের কৃষক মোবাশ্বির আলী বলেন, তিনি গত বছর ২৫ বিঘা জমিতে বোরো আবাদ করেছিলেন। বোরো চাষে পানি বেশি লাগে। কিন্তু এবার পানির ভীষণ সংকট।
মুন্সিবাজার ও পতনঊষার ইউনিয়নের কৃষক মোজাহিদ আলী, হরমুজ মিয়া, জমসেদ মিয়া ও আকতার মিয়া বলেন, বোরো চাষে তাঁরা লাঘাটা নদীর পানির ওপর নির্ভর করে থাকেন। কিন্তু এ বছর নদীতে পানি নেই। এ ছাড়া উজানে স্লুইসগেট বসানোয় নদী, বিল, ছড়ায় পানি আসছে না।
একই কথা বললেন আদমপুর ইউনিয়নের আজিজ মিয়া, আক্কল আলী, করিম মিয়া, বিশ্বজিৎ সিংহ, লক্ষ্মী সিংহসহ বেশ কয়েকজন কৃষক। তাঁরা জানান, হোমেরজান, ভানুবিল, ঘোড়ামারা, মঙ্গলপুর, দক্ষিণ তিলকপুর গ্রামে প্রতিবছর কয়েক শ একর জমিতে বোরো আবাদ হলেও এবার সেচের অভাবে তা হচ্ছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক ইউনিয়ন পর্যায়ের দুজন উপসহকারী কৃষি কর্মকর্তা বলেন, আলীনগর ইউনিয়নের মঙ্গলপুর ও শমশেরনগর ইউনিয়নের সতিঝিরগাঁও এলাকায় লাঘাটা নদীর ওপর দুটি স্লুইসগেট আছে। এ ছাড়া দক্ষিণ ও উত্তর ভানুবিল গ্রামের লাউয়াছড়ায় দুটি এবং শিয়ালছড়ায় একটি, কালাছড়ায় দুটি, কুরমাছড়ায় একটি স্লুইসগেট আছে।
এদিকে পাহাড়ি ছড়ার মধ্যে মাধবপুর ইউনিয়নের জপলাছড়া, শমশেরনগরে ধামালিছড়া, আদমপুরের নঈনাছড়ার একাধিক স্থানে ক্রস বাঁধ দিয়ে কৃষকেরা পানি আটকে সেচ দিচ্ছেন। সতিঝিরগাঁও স্লুইসগেটের কারণে উজানে পানি আটকানো থাকায় লাঘাটা নদীতে পানি আসছে না। সেচের অভাবে কৃষকেরা বোরো চাষ নিয়ে হিমশিম খাচ্ছেন। পাহাড়ি ছড়ায় ক্রসবাঁধের কারণেও নিম্নাঞ্চলের কৃষকেরা সেচের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
কৃষকনেতা কবি শহীদ সাগ্নিক বলেন, পরিকল্পিতভাবে নদী খনন ও সংস্কার না করে অপরিকল্পিত স্লুইসগেট, ক্রস বাঁধ ইত্যাদি বসানোয় এক এলাকায় পানি গেলেও অন্য এলাকার কৃষকেরা পানি পাচ্ছেন না।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, চলতি বোরো মওসুমে উপজেলায় ৪১ হাজার ৬০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে। এ পর্যন্ত প্রায় ৪০ হাজার ৫০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. শামছুদ্দীন সেচ সমস্যার কথা আংশিক স্বীকার করে বলেন, মূলত লাঘাটা নদীর উৎসমুখে পানিপ্রবাহ নেই বললেই চলে। নিম্নাঞ্চলের বোরো চাষিরাই মূলত ভোগান্তির শিকার হচ্ছেন। এ ছাড়া বিভিন্ন পাহাড়ি ছড়ায় উজানের বোরো চাষিরা ক্রস বাঁধ দিয়ে সেচসুবিধা নিচ্ছেন।
উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাঠপর্যায়ে পাঠিয়ে এসব ক্রস বাঁধের একাংশ খুলে দেওয়া হলেও রাতে উজানের কৃষকেরা আবার ওই অংশ আটকে দেন। তবে কৃষি বিভাগ সার্বক্ষণিক নজরদারির মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।