কমলগঞ্জে ব্যবসায়ীর লাখ টাকা ছিনতাই
কমলগঞ্জে এক ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে এক লাখ টাকাসহ মালামাল ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। আহত ব্যবসায়ীকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।এজাহার সূত্রে জানা যায়, উপজেলার আলীনগর ইউনিয়নের চিৎলীয়া গ্রামের ব্যবসায়ী ফারুক মিয়া (৪০) গত রোববার শমশেরনগর বাজার থেকে ব্যবসার এক লাখ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে ১০টার দিকে সুনছড়া চা-বাগানের রাস্তায় চিৎলীয়া গ্রামের উমেদ মিয়া, ছমেদ মিয়া, সাহাব উদ্দিন গংরা দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে তাঁর এক লাখ টাকা, মুঠোফোন, হাতঘড়িসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। আশপাশের লোকজন তাঁকে আহত অবস্থায় কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় ব্যবসায়ী ফারুক মিয়া কমলগঞ্জ থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। এ ব্যাপারে কমলগঞ্জ থানার এসআই সৈয়দ মাহবুব বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাটি সামাজিকভাবে সমাধানের চেষ্টা করছেন। সমাধান না হলে অবশ্যই মামলা নথিভুক্ত করা হবে। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ব্যবসায়ী ফারুক মিয়া গতকাল বৃহস্পতিবার জানান, তাঁকে হত্যার উদ্দেশ্যে ওই হামলা চালায় দুষ্কৃতকারীরা।