কমলগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে ভাইয়ের হাতে শাহিন মিয়া (২৮) নামে এক ব্যক্তি খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে শমশেরনগর ইউনিয়নের নিত্যানন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। তবে শাহিন আত্মহত্যা করেছে বলে জানিয়েছে তাঁর পরিবার। এ ঘটনার পর থেকে শাহিনের চার ভাই পলাতক রয়েছেন।গ্রামবাসী সূত্রে জানা গেছে, আবদুর রহমানের পাঁচ ছেলে। মেজো ছেলে শাহিনের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো ছিল না। শাহিন সব সময় তার বাবা-মার সঙ্গে অশালীন আচরণ করত ও বাবাকে মারধর করত। এ নিয়ে শাহিনের সঙ্গে তার বড় ভাই শামিম মিয়া, ছোট ভাই কাদির মিয়া, নাছির মিয়া ও নাজমুল মিয়ার বিরোধ ছিল। এই বিরোধের জেরে চার ভাই মিলে বাবা-মাকে সঙ্গে নিয়ে শাহিনকে ঘরের খুঁটিতে বেঁধে পিটিয়ে হত্যা করেছে।ঘটনার প্রত্যক্ষদর্শী নিত্যানন্দপুর গ্রামের আজর আলী (৬০) জানান, শুক্রবার রাত ১২টায় চার ভাই মিলে শাহিনকে ধরে পশ্চিমের ঘরের একটি খুঁটির সঙ্গে বেঁধে বেধড়কভাবে মারধর করে। এ সময় তার বাবা-মাও পাশে ছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক শাহিনের এক প্রতিবেশী জানান, রাতে ওই বাড়িতে নির্যাতনের শব্দে গ্রামের কয়েকজনকে নিয়ে তিনি ওই বাড়িতে যান। শাহিনকে এভাবে নির্যাতন করতে নিষেধ করলে শাহিনের ভাইয়েরা পারিবারিক বিষয়ে বাইরের লোককে কথা বলতে নিষেধ করে। পরে তাঁরা ঘটনাস্থল থেকে চলে যান। তিনি আরও জানান, এর একটু পরেই শাহিন আত্মহত্যা করেছে বলে তার ভাইয়েরা জানায়। এ ঘটনার পর ওই রাতেই শাহিনের চার ভাই গ্রাম ছেড়ে পালিয়ে যায়। কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আজিজ বলেন, প্রাথমিকভাবে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। সুরতহাল রিপোর্টে শাহিনকে নির্যাতনের প্রমাণ পাওয়া গেছে। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল কালাম বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া সঠিকভাবে কিছুই বলা যাবে না।