কমলগঞ্জে ভেজাল সন্দেহে ৩০ বস্তা সার জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভেজাল সন্দেহে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ৩০ বস্তা মিশ্র সার জব্দ করেছে পুলিশ। এসব সারের নমুনা পরীক্ষার জন্য বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনে (বিএসটিআই) পাঠানো হচ্ছে। গত রোববার দিবাগত রাত একটায় ভানুগাছ রেলস্টেশন থেকে এসব সার জব্দ করা হয়।
কমলগঞ্জ থানা-পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসান ও উপপরিদর্শক (এসআই) কৃষ্ণ মোহন দেবনাথের নেতৃত্বে পুলিশের একটি দল ভানুগাছ রেলস্টেশনে সারবোঝাই একটি ট্রাক তল্লাশি করে। ট্রাকে থাকা দেড় টন টিএসপি, ৬ টন এমওপি সারের বৈধ কাগজ থাকায় সেগুলো ছেড়ে দেওয়া হয়। তবে ৩০ বস্তা মিশ্র সারের বৈধ কাগজ ছিল না। ভেজাল সন্দেহে পুলিশ এগুলো জব্দ করে।
কৃষ্ণ মোহন দেবনাথ বলেন, এসব সারের নমুনা ঢাকায় বিএসটিআইয়ে পাঠানো হবে। সেখানে পরীক্ষার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।