কমলগঞ্জে মণিপুরি নববর্ষ উদ্যাপন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের ভানুবিল মাঝেরগাঁও মাঠে গতকাল শনিবার নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে মণিপুরি নববর্ষ উৎসব উদ্যাপন করা হয়েছে।
আয়োজকেরা জানান, যিশু খ্রিষ্টের জন্মের ১৩৯৭ বছর আগে থেকে মৈতৈ মণিপুরি সম্প্রদায় তাদের নববর্ষ উৎসব পালন করছে। গতকাল তারা ৩৪১৩তম মণিপুরি চৈরাউবা কুম্মৈ বা মণিপুরি নববর্ষ উদ্যাপন করেন।
মণিপুরি সম্প্রাদায়ের লোকজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে নয়টায় আদমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাব্বির আহমদ ভূঁইয়া ও প্রবীণ সমাজসেবী হামোম গোপাল সিংহের নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শোভাযাত্রার মাধ্যমে মৈতৈ মণিপুরি নববর্ষ উদ্যাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়।
মণিপুরি পোশাক পরে বেলা ১১টায় মাঝেরগাঁও মণ্ডপে মণিপুরি ছেলেমেয়েদের গ্রামভিত্তিক যৌথ অংশগ্রহণে শুরু হয় মণিপুরি জাতীয় খেলা ‘কাং খেলা’। বেলা সাড়ে ১১টায় উন্মুক্ত স্থান ধানি জমিতে রঙিন কাগজ দিয়ে সাজিয়ে বাঁশের বৃত্তাকার বেড়ার মাঝে চলে রশি টানাটানি খেলা।
দুপুর সাড়ে ১২টায় বৃদ্ধ গৃহিণীরা ফল, ফুল দিয়ে, আগরবাতি ও মোমবাতি জ্বালিয়ে গান গেয়ে বনদেবীর সন্তুষ্টিতে ‘সারোয় খাঙবা’ (বনদেবীর) পূজা করেন।
বেলা আড়াইটায় মাঝেরগাঁও মণ্ডপে মণিপুরি নারী-পুরুষের অংশগ্রহণে চলে ‘লেকোন শান্নবা’ বা কড়ি খেলা।
বিকেল চারটায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যা ছয়টায় আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে কবি এ কে শেরামের সভাপতিত্বে আলোচনা সভা হয়। সন্ধ্যা সাড়ে সাতটায় ছেলেমেয়েদের অংশগ্রহণে মণিপুরিদের বর্ণাঢ্য লোকনৃত্য পরিবেশন করা হয়।
উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-২ আসনের সাংসদ আবদুল মতিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুর রহমান, আদমপুরের ইউপির চেয়ারম্যান সাব্বির আহমদ ভূঁইয়া ও হামোম গোপাল সিংহ।