কমলগঞ্জে মানববন্ধন, অবশেষে মামলা নিল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবল ছড়া খাসিয়া পুঞ্জি থেকে ফেরার পথে ৩ জুন এক স্কুলশিক্ষিকা ধর্ষণের শিকার হন। কিন্তু ঘটনার নয় দিন পরও পুলিশ মামলা না নেওয়ায় এবং অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল শুক্রবার চা-শ্রমিকের সন্তানেরা মানববন্ধন করেছেন। এ সময় তাঁরা মামলা নিতে পুলিশকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন।
ওই কর্মসূচির পর অবশেষে গতকাল বিকেলে এ ঘটনায় মামলা নিয়েছে পুলিশ।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শমশেরনগর চা-বাগানবাসীর ব্যানারে চৌমুহনায় ওই মানববন্ধন হয়। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে চা-শ্রমিক, ছাত্র, শিক্ষক, আদিবাসীসহ সর্বস্তরের পাঁচ শতাধিক মানুষ নেন।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন শমশেরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জুয়েল আহমদ, বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাম ভজন কৈরী, ইউপি সদস্য মেরি রাল্ফ, বাংলাদেশ মণিপুরি আদিবাসী নেতা সমরজিৎ সিংহ, মণিপুরি যুবকল্যাণ সমিতির সভাপতি নিখিল কুমার সিংহ, প্রভাষক ফজলুর রহমান প্রমুখ। এ সময় বক্তারা ক্ষোভ প্রকাশ করে জানান, ঘটনার পর থেকে পুলিশের পক্ষ থেকে বিষয়টি ধামাচাপা দেওয়ার পাঁয়তারা করা হচ্ছে।
এ কারণে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয় দিন পরও কোনো মামলা নেয়নি। ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষণ মামলা নিয়ে দ্রুত আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় ভবিষ্যতে জেলা, বিভাগ এবং রাজধানীতেও মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। এ সময় বক্তারা আরও জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ধর্ষণ মামলা নিতে নির্দেশ দিলেও ওসি সে নির্দেশ মানেননি। উল্টো ধর্ষণকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।
ওই সময়সীমা বেঁধে দেওয়ার পর গতকাল বিকেল চারটার দিকে পুলিশ মামলা নেয়। দ্রুত বিচার আইনে ওই স্কুলশিক্ষিকা বাদী হয়ে মামলাটি করেন। মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় থানার পরিদর্শক (তদন্ত) বদরুল ইসলামকে।
এ ব্যাপারে পরিদর্শক (তদন্ত) বদরুল ইসলাম প্রথম আলোকে জানান, ওই ঘটনায় গতকাল মামলা নেওয়া হয়েছে। তদন্ত করে দ্রুত আসামিদের গ্রেপ্তার করা হবে।